গাজীপুরে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে ছুরি দিয়ে গলা কেটে প্রান্ত সাহা (১৫) নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। উপজেলার মাথালিয়া সোনাদিয়া বিল থেকে গত বৃহস্পতিবার রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে প্রান্তের খালাতো ভাই শুভ সাহা (১৮) ও বন্ধু দীপংকর সাহাকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত প্রান্ত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদপুর এলাকার উত্তম সাহার ছেলে। সে কালিয়াকৈর উপজেলার চাপাইর বিবিএ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। গ্রেপ্তার শুভ উপজেলার শেওড়াতলী এলাকার বাসিন্দা। আর দীপংকর একই এলাকার গৌতম সাহার ছেলে।
গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রবিউল ইসলামের কাছে গতকাল শুক্রবার বিকেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় দীপংকর। এ সময় সে জানায়, প্রান্তকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার পর তার লাশ গুম করতে তাদের বাড়ির পাশের একটি বিলে ফেলে দেওয়া হয়।
নিহত প্রান্তর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চাপাইর পালপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন পিকআপ ভ্যানচালক উত্তম সাহা। গত বুধবার সন্ধ্যার দিকে তাঁর ছেলে প্রান্তকে মুঠোফোনে কালিয়াকৈরের সাহেববাজার বাইপাস বাসস্টেশনে মুঠোফোন চার্জার নিয়ে যেতে বলেন শুভ। সে অনুযায়ী বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল প্রান্ত। বিভিন্ন স্থানে ছেলেকে খুঁজে না পেয়ে ওই দিন রাতে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন উত্তম সাহা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাথালিয়া সোনাদিয়া বিলে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে সেখানে গিয়ে প্রান্তর লাশ শনাক্ত করেন স্বজনেরা। পরে রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা করেন উত্তম সাহা। পরে জড়িত সন্দেহে শুভ ও দীপংকরকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রান্তর চাচা ভজন সাহা অভিযোগ করেন, উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় প্রান্ত ও শুভর মামা মহাদেব সাহার একটি মুদির দোকান রয়েছে। শুভ ওই দোকানের কর্মচারী ছিলেন। প্রান্তও মাঝেমধ্যে সেখানে যেত। সম্প্রতি শুভ মাদক সেবন শুরু করেন। নেশার জন্য দোকান থেকে টাকা চুরি করতেন তিনি। বিষয়টি টের পেয়ে মহাদেব সাহাকে জানায় প্রান্ত। তিনি তখন শুভকে দোকান থেকে বের করে দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুভ তাঁর লোকজন নিয়ে প্রান্তকে হত্যা করেছেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান বলেন, প্রান্তকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। তার ঘাড়ে ও গলায় কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।