বখাটের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায়ই মেয়েটিকে উত্ত্যক্ত করা হচ্ছিল। এসেছিল ধর্ষণ ও প্রাণনাশের হুমকিও। ভয়ে নিজের কক্ষে ঘুমাতে পারত না সে; ঘুমাত মাটির ঘরে বাবার সঙ্গে। এতেও শেষরক্ষা হলো না মেয়েটির। দুর্বৃত্তদের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে সে। বাবাকেও কুপিয়ে হত্যা করেছে তারা।
ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি উত্তর সালনা এলাকায়, গত বুধবার দিবাগত রাতে। নিহত দুজন হলেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত উত্তর সালনার বাসিন্দা সাইফুল ইসলাম (৫০) ও তাঁর মেয়ে আঁখি আক্তার (১৪)। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাশের নান্দুয়াইন এলাকার নূরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত বাবা ও মেয়ের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আঁখি আক্তার স্থানীয় শাহ সুফি ফসিউদ্দিন উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল একই এলাকার নূরুল ইসলামের ছেলে মনির হোসেন (২৫)। তিনি এলাকায় মাদকসেবী ও বখাটে হিসেবে পরিচিত। মনির ১০-১২ দিন ধরে আঁখিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু প্রস্তাবটি প্রত্যাখ্যান করে আঁখির পরিবার। এর পর থেকে পরিবারটিকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন মনির। এমনকি আঁখিকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ওই ঘরে হানা দেয় দুর্বৃত্তরা। তারা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে আঁখি ও সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এরপর আঁখিকে ধর্ষণ করে ঘরের পেছনের দিকে ফেলে রেখে যায়।
গতকাল বৃহস্পতিবার ভোরে আঁখিকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার চাচি রোকেয়া বেগম। এরপর ঘরে গিয়ে দেখা যায়, সাইফুলও রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছেন। স্বজনেরা এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আঁখিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর গুরুতর আহত সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
নিহত সাইফুলের বড় ছেলে নজরুল ইসলাম জানান, দু-তিন দিন আগেও বখাটে মনিরের মা-বাবা আঁখির সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। কিন্তু আঁখির বয়স কম থাকায় এবং মনির মাদকসেবী হওয়ায় ওই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা দরিদ্র পরিবার। কারও সঙ্গে কোনো বিরোধ নেই। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মনির বিভিন্নভাবে হুমকিও দিয়েছে।’ তাঁর দাবি, মনিরই তাঁর সহযোগীদের নিয়ে বাবা সাইফুল ও বোন আঁখিকে হত্যা করেছেন।
জয়দেবপুর থানার পুলিশ জানায়, নিহত আঁখির মাথায় ও মুখমণ্ডলে পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদনে তাকে ধর্ষণের আলামত মিলেছে। আর সাইফুলের মাথার পাশাপাশি শরীরের অন্যান্য অংশেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ দুটির ময়নাতদন্ত শেষে গতকাল রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। খুনের ঘটনার পর থেকেই মনির পলাতক। তবে সন্দেহভাজন হিসেবে তাঁর বাবা নূরুল ইসলামকে গতকাল নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।