গাজীপুরে স্কুলছাত্রীকে ক্ষুর দিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গত শনিবার শোবার ঘরে ঢুকে স্কুলছাত্রীকে এক তরুণ ক্ষুর দিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়েটি স্থানীয় এক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে।
স্কুলছাত্রীর পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার বেলদিয়া গ্রামের আবদুল মজিদের ছেলে সুজন মিয়া (২০) এক মাস ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। তাঁর প্রস্তাবে রাজি হয়নি ওই ছাত্রী। ঘটনার রাতে ওই ছাত্রীর বাবা ভাড়ার সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। তাঁর বোনকে দেখতে মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ওই রাতে মেয়েটি খালাতো বোনকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিল। এ সুযোগে সুজন শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ক্ষুর দিয়ে তার দুই গাল ও হাতে জখম করেন। বাধা দিলে তার শরীরের বিভিন্ন স্থানে সুজন আঘাত করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সুজন পালিয়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যক্তিরা মেয়েটিকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুজনকে আটকের চেষ্টা চলছে।