গাজীপুরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে নাজনীন আক্তার নামে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাজনীন (৭) শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আক্কাছ আলীর মেয়ে। সে চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
নাজনীনের পরিবার ও শ্রীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নাজনীন বৃহস্পতিবার রাতে নানি মিনুজা বেগমের সঙ্গে বসতঘরে ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে পুলিশের লোক পরিচয় দিয়ে কয়েকজন লোক দরজা খুলে দিতে ধাক্কা দেয়। একপর্যায়ে নানি দরজা খুলে দিলে তিনজন লোক ঘরে ঢোকে ও নাজনীনকে তুলে ঘরের বাইরে নিয়ে যায়। এ সময় তারা মিনুজাকে ঘরে রেখে বাইরে থেকে ছিটকিনি আটকে দেয়। মিনুজা ঘর থেকে ডাকচিৎকার করতে থাকেন। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে তাঁর ডাকচিৎকার শুনে প্রতিবেশী এক নারী ঘরের দরজা খুলে দেন। মিনুজা তাঁকে সব ঘটনা খুলে বলেন ও নাতনির খোঁজে ঘর থেকে বের হন। পরে তিনি বারান্দায় নাজনীনের গলাকাটা লাশ দেখতে পান। স্থানীয় পুলিশে খবর দেন। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে।