গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল পারভিন আক্তার (৩০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ হত্যায় অভিযুক্ত নিহতের স্বামী ফজলুল হক (৪০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

এদিকে, যৌতুকের দাবিতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী উজ্জ্বল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট এলাকার ফজলুল হক শ্বশুরবাড়িতে থেকে বসবাস করতেন। বাড়ির পাশেই ছিল তাঁর শ্বশুরবাড়ি। পারিবারিক কলহের জের ধরে দেড় মাস আগে পারভিন বাবার বাড়ি চলে যান। পরে ২২ আগস্ট আবার বাড়ি ফিরে আসেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়। এরপর গতকাল ভোরে পারভিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় তাঁর শাশুড়ি আনোয়ারা বেগম বাধা দিলে তাঁকেও এলোপাতাড়ি কোপান ফজলুল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত আনোয়ারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ: জেলার সিঙ্গাইর উপজেলার আঠালিয়া গ্রাম থেকে গতকাল দুপুরে গৃহবধূ রোকেয়া আক্তারের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আট মাস আগে উপজেলার বান্ধাইল গ্রামের রোকেয়ার সঙ্গে পাশের আঠালিয়া গ্রামের উজ্জ্বল হোসেনের বিয়ে হয়। এর পর থেকেই রোকেয়ার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিলেন উজ্জ্বল। সম্প্রতি বিদেশে যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন তিনি। এ নিয়ে প্রায়ই তিনি স্ত্রীকে মারধর করতেন। গতকাল দুপুরে উজ্জ্বলের বাড়ি থেকে রোকেয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ঘটনার পর থেকে উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক আছেন। অভিযোগের ব্যাপারে উজ্জ্বলের সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।