গাজীপুরে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় লেগুনার ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে গতকাল রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় শ্রমিকেরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও সড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকায় সকাল আটটার দিকে সড়ক পার হওয়ার সময় স্থানীয় ডিজাইন টেক্সট সোয়েটার কারখানার শ্রমিক মন্টি আক্তার (৩৮) আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়ে, আহত মন্টি আক্তার মারা গেছেন। এ খবরে এলাকাবাসী ও কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে শ্রমিকেরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।