গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকায় গতকাল সোমবার বাসের ধাক্কায় এক পোশাকশ্রমিক আহত হন। এরপর তাঁর মৃত্যুর গুজবে সড়ক অবরোধ করা হয়। এ সময় শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বাসটিতে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, নলজানী এলাকার টার্গেট ফাইনওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকদের গতকাল বেলা একটায় খাবারের বিরতি দেওয়া হয়। শ্রমিকেরা দুপুরের খাবার খেয়ে পৌনে দুইটার দিকে কর্মস্থলে ফেরেন। একপর্যায়ে গাজীপুর-ঢাকা সড়ক পার হওয়ার সময় কারখানার সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কারখানার লিংকিং অপারেটর মামুন মিয়াকে (৩০) ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর সহকর্মীরা বাসটি আটক করেন। এ সময় মামুনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়ে মামুন মারা গেছেন। এরপর মামুনের সহকর্মীরা ও এলাকাবাসী কারখানার পাশের সড়ক অবরোধ করেন। একপর্যায়ে তাঁরা আটক বাসটি ধাক্কা দিয়ে উল্টে ফেলেন। এরপর বাসে অগ্নিসংযোগ করেন। এ সময় শ্রমিকেরা ১৫-১৬টি যানবাহন ভাঙচুর করেন। অবরোধ ও অগ্নিসংযোগের কারণে ওই সড়কের চান্দনা-চৌরাস্তা-গাজীপুর অংশে যান চলাচল বিঘ্নিত হয়।
টার্গেট ফাইনওয়্যার কারখানার নিরাপত্তা তত্ত্বাবধায়ক মতিউর রহমান বলেন, মামুন মিয়াকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার গুজবে শ্রমিকেরা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।