গাজীপুরে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ। গতকাল রোববার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
চান্দনা চৌরাস্তা মোড়, মালেকের বাড়ি, সাইনবোর্ড, বোর্ডবাজার, কলেজগেট, টঙ্গী বাজার, ভোগড়া বাইপাস মোড়, কড্ডা বাজার ও সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে একযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মহাসড়কের পাশে থাকা নির্মাণসামগ্রীসহ দোকানপাট ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। এ সময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান, গোলাম সবুর, রাসেল শেখ, সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, যানজট নিরসনে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঈদুল আজহা পর্যন্ত গাজীপুরে ১ হাজার ২০০ পুলিশ সদস্য সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন করবেন। ঈদ সামনে রেখে গাজীপুরের কোনো পুলিশ সদস্যের ছুটি হবে না। প্রত্যেক পুলিশ সদস্য ঈদের দিন পর্যন্ত রাস্তায় থেকে ঘরমুখী সাধারণ মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, জয়দেবপুর চৌরাস্তা, চন্দ্রা ত্রিমোড়ে স্থাপন করা হবে কন্ট্রোল রুম। এ ছাড়া রাস্তায় ৪০-৫০টি মোবাইল টিম থাকবে। থাকবে চেকপোস্ট ও ওয়াচ টাওয়ারও।