গাজীপুরে হাত-পা বাঁধা যুবকসহ দুই লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর থেকে গত মঙ্গলবার সকালে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের এবং গত সোমবার রাতে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকার পুরোনো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ওই যুবকের (৪০) লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে নীল রঙের টি-শার্ট ও সাদা-কালো চেক লুঙ্গি রয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন জানান, উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় গত সোমবার রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন সৌদিপ্রবাসী মনজু মিয়ার স্ত্রী বিউটি আক্তার (২৩)। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।