গাজীপুরে হুজি সন্দেহে গ্রেপ্তার ৪
গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সন্দেহভাজন চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ককটেল, পেট্রলবোমা, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের মাস্টারবাড়ি এলাকার নান্দুয়ানের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন গাজীপুরের মো. খায়রুল ইসলাম, ময়মনসিংহের গোলাম কিবরিয়া খান, টাঙ্গাইলের মো. আমিনুল হক ও মো. শহিদ উল্লাহ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার হওয়া চার হুজি সদস্যের মধ্যে একজন (শহিদ উল্লাহ) আরাকান-ফেরত। অভিযানে চারটি ককটেল, ১৪টি পেট্রলবোমা, কিছু ধারালো অস্ত্র, ইলেকট্রিক ডিভাইস ও জিহাদি বই উদ্ধার হয়েছে।