গাজীপুরে হুজির ৪ সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের নান্দুয়াইন এলাকার একটি বাড়ি থেকে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁরা সবাই হরকাতুল জিহাদের (হুজি) সদস্য বলে দাবি করেছে জেলা পুলিশের স্পেশাল টাস্ক গ্রুপ। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ সুপার মো. হারুন অর রশীদ তাঁর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া মধ্যপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. খাইরুল ইসলাম (২৬), টাঙ্গাইল সদরের আটপুকুর এলাকার আজিজুল হকের ছেলে আমিনুল ইসলাম (৪৯), গোপালপুর থানার খামারপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে শহিদ উল্লাহ (৪৩) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার সৈয়দপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া খান (২৫)।

ব্রিফিংয়ে হারুন অর রশীদ বলেন, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর সদরের নান্দুয়াইন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জঙ্গলের ভেতর সুফিয়া কটেজ নামে এক বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র-বোমা, জিহাদি বই, লিফলেটসহ ওই চারজনকে আটক করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো. শহিদ উল্লাহ বলেছেন, তিনি জিহাদের মাধ্যমে শহীদ হতে আরাকান গিয়েছিলেন। মো. খাইরুল ইসলাম ও মো. গোলাম কিবরিয়া খান পেশায় প্রকৌশলী। তাঁরা দুজন আইইউটির প্রাক্তন ছাত্র। অপরজন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিহাদি বই দিয়ে জিহাদের পথে নিয়ে আসেন। তাঁরা বিভিন্ন বিস্ফোরক সরঞ্জাম ও গোপন সরঞ্জাম তৈরি করেন। তাঁরা সবাই হুজির সদস্য।