

চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ থাকায় গাজীপুরের জোলারপার এলাকা থেকে দাফনের ১৩ মাস পর কবর থেকে এক কলেজছাত্রীর লাশ উঠানো হয়েছে। আদালতের নির্দেশে গতকাল বুধবার তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ তুলে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত কলেজছাত্রীর নাম শারমিন সরকার (১৮)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের জোলারপাড় এলাকার মো. আবদুর রাজ্জাক সরকারের মেয়ে।
কবর থেকে শারমিনের লাশ তোলার খবরে গতকাল দুপুরে তাদের বাড়িতে শত শত মানুষ জড়ো হয়। এ সময় তারা দায়ী চিকিৎসকদের বিচারের দাবি জানায়। একপর্যায়ে তারা বাড়ির সামনের রাস্তায় মানববন্ধন করে।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সোহরাব হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা, মো. মামুন শিবলী ও রাসেল মিয়ার উপস্থিতিতে লাশ তোলা হয়।
বাদীপক্ষের আইনজীবী রাকিব হাসান বলেন, শারমিনের মৃত্যুর পর চিকিৎসকেরা তাঁর পরিবারের সদস্যদের ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে বাধ্য করেন। এ কারণে তাঁরা গত ১০ মার্চ আদালতে লাশের ময়নাতদন্তের জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ মার্চ ঢাকার একটি আদালত লাশ তুলে ময়নাতদন্তের আদেশ দেন।
পুলিশ ও শারমিনের পরিবার জানায়, শারমিনের জিহ্বায় সিস্ট হয়েছিল। গত বছরের ৩০ মে তাঁকে ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক অধ্যাপক ফিরোজ আহমেদ খানের কাছে নেওয়া হয়। ফিরোজ আহমেদের পরামর্শে ওই বছরের ৩ জুন ওই হাসপাতালে ভর্তি করানো হয় এবং পরদিন অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর শারমিনের আর সংজ্ঞা ফেরেনি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় শারমিনের মা সুফিয়া সরকার অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে ২ আগস্ট উত্তরা পশ্চিম থানায় চার চিকিৎসকের নামে মামলা করেন।
সুফিয়া সরকার অভিযোগ করেন, ফিরোজ আহমেদ খান তাঁর মেয়ের অস্ত্রোপচার নিজে করবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু অস্ত্রোপচারের সময় তিনি অনুপস্থিত ছিলেন। তাঁর সহকারী আবুল হোসেনকে দিয়ে অস্ত্রোপচার করানো হয়। ভুল চিকিৎসা ও কর্তব্যরত চিকিৎসকদের অবহেলার কারণে তাঁর মেয়ে ওই বছরের ১৩ জুন মারা যান।