গাজীপুর জেলায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠসহ পুরো জেলায় সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ১৪৪ ধারা জারির পর গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের পাশে পুলিশের অবস্থান। ছবি: সাজিদ হোসেন
গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠসহ পুরো জেলায় সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ১৪৪ ধারা জারির পর গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের পাশে পুলিশের অবস্থান। ছবি: সাজিদ হোসেন

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠসহ পুরো জেলায় ১৪৪ ধারা জারি করেছে গাজীপুর জেলা প্রশাসন। আজ শুক্রবার বেলা দুইটায় জনসভা স্থলে এসে সাংবাদিকদের এ ঘোষণার কথা জানান গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। 
তবে সমাবেশ করা না-করার বিষয়ে দুই পক্ষই রাতে বৈঠক করে নিজেদের অবস্থান জানাবে।
হারুন অর রশীদ বলেন, ‘যেহেতু বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে জনসভা করার ঘোষণা এবং প্রাণপণ চেষ্টা করছে, সেহেতু আমরা মনে করছি এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভাবনা রয়েছে। এখানে কোনো পক্ষকেই জনসভা করতে দেওয়া হবে না। তাই জেলা প্রশাসনের সবার সঙ্গে কথা বলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’ 

গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে কাল শনিবার বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার দাবিতে আজ সকালে গাজীপুর মহানগর কৃষক লীগ বিক্ষোভ মিছিল করে। ছবি: সাজিদ হোসেন
গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে কাল শনিবার বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার দাবিতে আজ সকালে গাজীপুর মহানগর কৃষক লীগ বিক্ষোভ মিছিল করে। ছবি: সাজিদ হোসেন

পুলিশ সুপার বলেন, বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার কারণে ছাত্রলীগ তারেক রহমানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত বিএনপিকে কোথাও সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ওই দিন জেলার কোথাও কোনো ধরনের সমাবেশ করতে দেওয়া হবে না। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে মাইকে ১৪৪ ধারা জারির বিষয়টি প্রচার শুরু হয়েছে।
দুই পক্ষই সিদ্ধান্ত জানাবে রাতে 
সমাবেশ করবেন কি না, জানতে চাইলে গাজীপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখনো পর্যন্ত আইনশৃঙ্খলার কোনো অবনিত হয়নি, ভবিষ্যতেও হবে না।’ তিনি জানান, ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর যুবলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের ব্যনারে আমাদের বি‌ক্ষোভ সমাবেশের পরিকল্পনা রয়েছে। সন্ধ্যায় আমরা সভা করে বিস্তারিত আপনাদের জানাব।’

বিএনপি ও জেলা ছাত্রলীগ কাল শনিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে সমাবেশের ঘোষণা দিলে মাঠসহ পুরো গাজীপুরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। কলেজের প্রধান ফটকের সামনে তাই পুলিশের এই অবস্থান। ছবি: সাজিদ হোসেন

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম জানান, তাঁরা কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় রয়েছেন। সমাবেশ করা বা না-করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।
তবে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সমাবেশের অনুমতি থাকা সত্ত্বেও গাজীপুর জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। কারণ সেখানে বিএনপির নেত্রী খালেদা জিয়া বক্তব্য দেবেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ তিনি জানান, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জরুরি বৈঠক ডাকা হয়েছে, সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলা মহিলা লীগের সভানেত্রী দিলরুবা খানমের নেতৃত্বে এবং বেলা একটার দিকে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের নেতৃত্বে জনসভাস্থলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুটি মিছিল হয়। মিছিল দুটি সমাবেশ স্থলে ঢুকতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।