গাজীপুরে ৪৬টি খাসপুকুর ভরাট করে দখল
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৪৬টি খাসপুকুর ভরাট করে হাসপাতাল, স্কুল ও মাদ্রাসার নামে দখল করে নিয়েছেন প্রভাবশালীরা। গাজীপুর জেলা প্রশাসন গত দুই মাস এলাকায় সরেজমিন তদন্ত করে দখলের এ চিত্র পেয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলায় খাসপুকুর রয়েছে ৩৮৪টি। এসব পুকুর একসময় নিয়ন্ত্রণ করত গাজীপুর ও টঙ্গী পৌরসভা। পরে গাজীপুর সিটি করপোরেশন চালু হওয়ার পর খাসপুকুরগুলো সংস্থাটির নিয়ন্ত্রণে আসে। তবে খাসপুকুরগুলোর নিয়ন্ত্রণে অব্যবস্থাপনা দেখা দেয়। এ নিয়ে গত বছরের ৩০ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ে জরুরি বৈঠক হয়। এর আগে ১০ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সরকারি জলমহাল ইজারা দেওয়া-সংক্রান্ত কমিটির ২৯তম সভার কার্যবিবরণীতে বলা হয়, সব সিটি করপোরেশন এলাকায় ২০ একরের কম খাস জলমহালগুলো ইজারা দেওয়ার জন্য জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব পালন করবে। ওই পত্রে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. রাশেদুল ইসলাম।
ওই আদেশের কপি জেলা প্রশাসক পাওয়ার পর জলমহাল বা খাসপুকুর নিয়ে কাজ শুরু করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোহসিন গাজীপুরের খাসপুকুরগুলোর অবস্থা সম্পর্কে জানতে সার্ভেয়ার দিয়ে তদন্ত করান। জেলা প্রশাসনের সার্ভেয়ার আ. আলীম, আবদুস সাত্তার, শহিদুল ইসলাম ও মহসীন পাটোয়ারী তদন্ত করে গত ২৩ জুন জেলা প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে দেখা গেছে, গাজীপুরের ৩৮৪টি খাসপুকুরের মধ্যে ১২৮টি ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। ৪৬টি ভরাট করে স্থানীয় প্রভাবশালীরা হাসপাতাল, স্কুল ও মাদ্রাসার নামে দখল করে নিয়েছেন। ১৫৯টি খাসপুকুর ইতিমধ্যে ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া ভরাট ও দখল হওয়ার ঝুঁকিতে আছে আরও ৪৬টি খাসপুকুর। পাঁচটি খাসপুকুরের বিষয়ে মামলা চলছে।
গাজীপুরের আরডিসি খালেদা নাছরিন প্রথম আলোকে বলেন, শিগগিরই ১২৮টি খাসপুকুর দরপত্রের মাধ্যমে তিন বছরের জন্য ইজারা দেওয়া হবে।
প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, টঙ্গীর দত্তপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নাম করে মো. নূরুল ইসলাম নামের একজন খাসপুকুরের ২৯ শতাংশ জমি দখল করে বাড়ি নির্মাণ করেছেন। একই এলাকায় পুকুরের ৩০ শতাংশ দখল করে বাড়ি, আউচপাড়া এলাকায় ৪৪ শতাংশে মসজিদ করা হয়েছে। একই এলাকার সোহেল মন্ডলের দখলে রয়েছে ৮৬ শতাংশ জমি। ওই এলাকার হাজী এম এ গনি উচ্চবিদ্যালয়ের মাঠ করা হয়েছে খাসপুকুরে। টঙ্গীর সাতাইশ এলাকায় বিপ্লব নামের এক ব্যক্তি ২ একর ১৫ শতাংশ খাসপুকুর দখল করে মাছ চাষ করছেন। সোহেল মন্ডল বলেন, পুকুরে ময়লা-আবর্জনা ফেলতে ফেলতে ভরাট হয়ে গেছে। এখন এটা তাঁদের নিয়ন্ত্রণে আছে। ওই এলাকায় মুক্তিযোদ্ধা সমবায় সমিতির অফিসটি বন্ধ পাওয়া গেছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছা ইউনিয়ন ভূমি অফিসের সঙ্গে সোন্ডা মৌজায় ১ একর ৪৩ শতাংশ জমি দখল করে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান বহুতল ভবন নির্মাণ করছে। ওই ভবনের পাশে আওয়ামী লীগের একটি কার্যালয় রয়েছে। সেখানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাইনবোর্ড টাঙানো আছে। গাছা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা জালাল উদ্দিন আহাম্মেদ বলেন, খাসপুকুর ভরাট করার সময় কাজে বাধা দেওয়া হয়েছিল। তবে কাজ বন্ধ হয়নি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোহসীন প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন এলাকায় ৪৬টি খাসপুকুর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ভরাট করে দখল করেছে। আরও ৪৬টি খাসপুকুর সংস্কার করা প্রয়োজন। এসব খাসপুকুর উদ্ধার করে লিজ দেওয়া গেলে সরকার কয়েক লাখ টাকার রাজস্ব পাবে।