গাজীপুরে 'বন্দুকযুদ্ধে যুবদলের কর্মী' নিহত
গাজীপুরের রাজেন্দ্রপুর হালডোবার কাউয়ার বাইদ গজারি বন এলাকায় গত মঙ্গলবার রাতে পুলিশের কথিত বন্ধুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মনির হোসেন খান (২৫)। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ২৭টি মামলার আসামি বলে দাবি করছে পুলিশ। ঘটনার সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
নিহত মনিরের ফুফাতো ভাই রাসেল রানা প্রথম আলোকে বলেন, মনির যুবদলের স্থানীয় কর্মী ও ব্যবসায়ী ছিলেন। তিনি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
মনিরের বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের সালনার কাথোরা এলাকায়। পুলিশ বলছে, মাদক ও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের সময় মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার রাজেন্দ্রপুর হালডোবা এলাকা থেকে ইয়াবাসহ মনিরকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গীরা পালিয়ে যায়। পরে মনিরকে নিয়ে অন্যদের আটকের অভিযান চালানো হয়। এ সময় একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মনির। আহত হন জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মোমিন ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল মোস্তাফিজুর রহমান।
পুলিশের আহত দুই সদস্যকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ওই ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে গতকাল একই থানার এসআই সুজায়েত হোসেন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইন, পুলিশের ওপর হামলা, অস্ত্র আইন এবং মাদকদ্রব্য আইনে চারটি মামলা করেছেন।