গাজীপুরে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
গাজীপুর সদর উপজেলার কাওয়ামারা বাইদ এলাকায় গোয়েন্দা (ডিবি) ও থানা-পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মনির হোসেন খান (৩৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাতরা এলাকার বাসিন্দা। এ ঘটনায় জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মমিন হোসেন ও ডিবি পুলিশের কনস্টেবল মুস্তাফিজুর রহমান আহত হয়েছেন।
জয়দেবপুর থানার এসআই মো. শহীদুল্লাহর ভাষ্য, গতকাল রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা-পুলিশ ও গাজীপুর ডিবি পুলিশ সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের হালডোবা এলাকায় অভিযান চালায়। এ সময় মনির হোসেনকে ১০০টি ইয়াবাসহ আটক করা হয়। মনিরকে নিয়ে পুলিশ তাঁর সহযোগীদের ধরতে অভিযান চালায়। কাওয়ামারা বাইদ এলাকায় পৌঁছালে মনিরের সহযোগীরা তাঁকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মনির পালিয়ে যাওয়ার সয়ম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর লাশ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে দুটি গুলি, গুলির ১২টি খোসা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে এসআই মো. শহীদুল্লাহ দাবি করেন।