গাজীপুরের টঙ্গীতে চাকু দিয়ে খুঁচিয়ে স্ত্রীর দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী কামাল হোসেন ওরফে জুয়েল (৪০) র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গীর নদীবন্দর এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত কামালের স্ত্রী শিউলী আক্তার (২৫) অভিযোগ করেছিলেন, আগের স্বামীর সম্পত্তি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় গত ৫ নভেম্বর চাকু দিয়ে খুঁচিয়ে তাঁর দুই চোখ তুলে নেওয়ার চেষ্টা করেন কামাল। ঘটনার পর থেকে কামাল পলাতক ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শিউলির দুই চোখই নষ্ট হয়ে গেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, দুর্বৃত্তরা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে র্যা বের সদস্যরা নদীবন্দর এলাকায় অভিযানে যান। র্যা বের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যা বের সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় র্যা ব-১-এর দুই সদস্য আহত হন। র্যা ব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে।
পরে টঙ্গী থানার পুলিশ গতকাল মঙ্গলবার সকালে টঙ্গীর নদীবন্দর এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ও তাঁর পরিচয় জানতে পারে। কামালের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহত কামালের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, অস্ত্র আইনে দুটি মামলা ও সর্বশেষ তাঁর স্ত্রী শিউলির দুই চোখ তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে নারী নির্যাতনের মামলা রয়েছে। তিনি বলেন, শিউলির প্রথম স্বামী আইনাল হক হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলারও আসামি ছিলেন কামাল।
পুলিশ জানায়, পাঁচ বছর আগে কামালকে বিয়ে করেছিলেন শিউলি। এটি শিউলির দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পর আগের স্বামীর কাছ থেকে যে সম্পত্তি পাবেন, তা এনে দেওয়ার জন্য প্রায়ই তাঁকে মারধর করতেন কামাল।