গাজীপুরের বরখাস্ত মেয়র মান্নান আরও দুই মামলায় গ্রেপ্তার
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জয়দেবপুর ও শ্রীপুর থানা-পুলিশ গত বুধবার নাশকতার দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায়। এ নিয়ে মান্নানকে ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর জয়দেবপুর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় এম এ মান্নানকে গ্রেপ্তার দেখানোর জন্য গত বুধবার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন আদালতে আবেদন করেন। এ ছাড়া গত ২৯ জানুয়ারি শ্রীপুর থানায় দায়ের করা নাশকতার অন্য একটি মামলায় মান্নানকে গ্রেপ্তার দেখানোর জন্য থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আলী জিন্নাহ একই দিন আদালতে আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেহানা আক্তার শুনানির পর ওই আবেদন দুটি মঞ্জুর করেন। মহানগরের ভোগরা এলাকায় বাসে নাশকতার অভিযোগে জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরুল আমীন ও শ্রীপুর থানায় নাশকতার অভিযোগে এসআই সোহরাওয়ার্দী হোসেন ওই মামলা দুটি করেন।
সরকারবিরোধী আন্দোলনের সময় গত ৪ ফেব্রুয়ারি রাতে বাসে নাশকতা চালানোর ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার বারিধারার বাসা থেকে মান্নানকে ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। গত ১৯ আগস্ট মান্নানকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
গাজীপুর পুলিশের আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম এম এ মান্নানকে আরও নতুন দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর সত্যতা নিশ্চিত করেছেন।
‘অনির্বাচিত মেয়রদের দিয়ে সিটি চালাচ্ছে সরকার’: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অভিযোগ করে বলেছেন, এ সরকার গণতান্ত্রিক সরকার নয়, গণতান্ত্রিক মূল্যবোধ তারা বোঝে না। এমনকি নির্বাচনের আচরণবিধির একটিও তারা মানে না। যেসব জায়গায় জনগণ স্থানীয় সরকার গঠনে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছিল, সেই সব নির্বাচিত মেয়রদের তারা সরিয়ে দিয়ে অনির্বাচিত মেয়রদের দিয়ে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে। এতে বোঝা যায়, সরকার গণতন্ত্রের তোয়াক্কা করে না। নির্বাচনের ফলাফলকে ভয় পায়। তাই তারা সুষ্ঠু নির্বাচন দেয় না।
হান্নান শাহ গতকাল বৃহস্পতিবার গাজীপুরের একটি আদালতে ২০০৭ সালে দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।