গাজীপুরের বিলে স্কুলছাত্রের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিখোঁজের এক দিন পর পান্থ সাহা নামের এক স্কুলছাত্রের লাশ স্থানীয় বিল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

গত বুধবার বিকেলে নিখোঁজ হয় পান্থ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চাপাইর এলাকার সোনাদিয়া বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

কালিয়াকৈর উপজেলার চাপাইর বিবি উচ্চবিদ্যালয় থেকে এবার পান্থর জেএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার বাবা চাপাইর এলাকার বাসিন্দা উত্তম সাহা।

ঘটনায় জড়িত সন্দেহে আটক হয়েছেন পান্থর খালাতো ভাই শুভ সাহা (২১) ও চাপাইর এলাকার দীপ্ত সাহা (১৮)।

পরিবারের ভাষ্য, বুধবার বিকেলে পান্থকে মুঠোফোনে ডেকে নেয় শুভ। এরপর সে আর বাড়ি ফেরেনি। তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার রাতে সোনাদিয়া বিলে পান্থর লাশ দেখা যায়। খবর পেয়ে রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পুলিশ বলছে, পান্থর ঘাড় ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান বলেন, ঘটনায় জড়িত সন্দেহে শুভ ও দীপ্ত নামের দুজনকে আটক করা হয়েছে।