গাজীপুরের মেয়র মান্নান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ মান্নান
এম এ মান্নান

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় তাঁকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আজ বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গাজীপুর গোয়েন্দা পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ তাঁর রাজধানীর বারিধারার বাসায় অভিযান চালায়। সেখান থেকে গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে গাজীপুরে নিয়ে যায়। আজ রাতে গাজীপুর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হবে।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, মেয়র মান্নানের বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের কাজে বাধাদানসহ নাশকতার অভিযোগে জয়দেবপুর থানায় তিনটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিকের করা একটি মামলাও রয়েছে।
হারুন অর রশিদ আরও বলেন, গাজীপুর থেকে দেশের প্রায় এক-তৃতীয়াংশ তৈরি পোশাক সামগ্রী রপ্তানি হয়। এখানে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। এ ছাড়া গাজীপুর হয়ে প্রতিদিন প্রায় ছয় হাজার ট্রাক ও কাভার্ড ভ্যানে মালামাল পরিবহন হয়। এসব গাড়িতে আগুন দিয়ে কারখানা বন্ধ করার জন্য তিনি প্রায়ই উসকানি দেন।