বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ধরপাকড় অব্যাহত আছে। এ ধরপাকড়ের শিকার লোকজনের অধিকাংশই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মঙ্গলবার রাত থেকে গতকাল পর্যন্ত ১০ জেলার ১৬৯ জনকে আটক করে পুলিশ ও যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের অধিকাংশকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও ইসলামী ছাত্রশিবিরের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ছয়টা থেকে গতকাল বুধবার সকাল ছয়টা পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপির নয় ও ছাত্রশিবিরের তিনজন কর্মী রয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তারের পর গাজীপুরের গোয়েন্দা অফিসে নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সম্প্রতি জয়দেবপুর থানায় এম এ মান্নানের বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গাজীপুর পুলিশ ঢাকার বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে গাজীপুরে নিয়ে আসে।
মেয়র এম এ মান্নান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য।
এদিকে, মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম নগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছে পুলিশ। এঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে।
মানিকগঞ্জ থেকে মঙ্গলবার রাতে বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ। এঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলা জামায়াতের আমিরসহ জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নেতারা হলেন তেঁতুলিয়া উপজেলার কালান্দিগজ ফাজিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা জামায়াতের আমির আবদুল হাকিম, তেঁতুলিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এমদাদুল্লাহ খান, পঞ্চগড় শহরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম। তেঁতুলিয়া থানার ওসি জেড এম আসাদুজ্জামান ও পঞ্চগড় থানার ওসি মো. মমিনুল ইসলাম তিন জামায়াত নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের কর্মীসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জামায়াত-বিএনপির কর্মী রয়েছেন ১০ জন। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধার সাতটি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত নয়টা থেকে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সিরাজগঞ্জে গতকাল বুধবার নাশকতার অভিযোগে থানা পুলিশ বিএনপি-জামায়াতের আট নেতা-কর্মীকে আটক করেছে। কিশোরগঞ্জের কটিয়াদী থেকে উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। হরতাল-অবরোধ চলাকালে নাশকতা চালানোর অভিযোগে গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন জুড়ী উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা সাইদুর খাঁন ও আবদুর রহমান।
বরিশালের গৌরনদীতে খাঞ্জাপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গফুর আকন ও ইল্লা গ্রাম থেকে যুবদলের কর্মী মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সাভারে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পৌর জামায়াতের আমিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।