গাজীপুরের মেয়র মান্নান আবার সাময়িক বরখাস্ত

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র বিএনপি নেতা এম এ মান্নানকে আবারও সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। গত সোমবারের তারিখ দিয়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
এর আগে গত বছরের আগস্ট মাসে স্থানীয় সরকার বিভাগ গাজীপুরের জয়দেবপুর থানার একটি মামলায় এম এ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করেছিল। সরকারের দেওয়া এ আদেশ স্থগিত করেছিলেন হাইকোর্ট। আর সেই স্থগিতাদেশ আপিল বিভাগ বহাল রাখার চার দিনের মাথায় আরেকটি মামলায় সোমবার তাঁকে সাময়িক বরখাস্ত করল সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুরের জয়দেবপুর থানায় এম এ মান্নানের বিরুদ্ধে করা একটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় মেয়য়ের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে। এ জন্য তাঁকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনানুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।
এই প্রজ্ঞাপন জারির তিন দিন আগে ১৫ এপ্রিল কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মেয়র মান্নানকে গ্রেপ্তার করে। চান্দনা চৌরাস্তা এলাকায় ঘটা সহিংসতার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম মান্নানকে গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় অভিযোগপত্র আদালতে গ্রহণের কথা উল্লেখ করে ১৯ আগস্ট মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করেছিল মন্ত্রণালয়। এ ছাড়া বেশ কিছু মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সবগুলো মামলায় জামিন নিয়ে গত ২ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপর ১৫ এপ্রিল তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।
পৃথক মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ায় সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকেও সাময়িক বরখাস্ত করেছে সরকার।