গাড়ইল বিলে মাছ ধরতে প্রভাবশালীদের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় প্রভাবশালী কয়েকজনের হুমকির মুখে জেলেরা এক সপ্তাহ ধরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার উন্মুক্ত গাড়ইল বিলে মাছ ধরতে পারছেন না। ইতিমধ্যে সন্ত্রাসীরা বিলে কয়েকজন জেলেকে মারধর ও তাদের মাছ ধরার সামগ্রী নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
গাড়ইল বিলের আশপাশের মৎস্যজীবীরা অভিযোগ করেন, উপজেলার গুরুমশৈল ও মাঝগ্রাম মৌজার মধ্যবর্তী গাড়ইল বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন স্থানীয় জেলেরা। কিন্তু এবার তাতে বাধা দিচ্ছেন মাঝগ্রামের ছয়-সাতজন প্রভাবশালী ব্যক্তি। তাঁরা জেলেদের বিলে নামতে নিষেধ করেছেন। ওই নির্দেশ না মানায় গত এক সপ্তাহে তাঁদের লোকজন জেলেদের মারধরসহ নানাভাবে হেনস্তা করছে। ইতিমধ্যে কয়েকটি নৌকা ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া ৫০টি কারেন্ট জাল ছিঁড়ে ফেলাসহ আরও প্রায় ১২০টি মাছ ধরার খোলসুন ও চারু নষ্ট করে দেওয়া হয়েছে। এরপরও মৎস্যজীবীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে মাঝগ্রামের বাসিন্দা আবদুস সোবহান বলেন, বিলের কিছু জমি তাঁদের মালিকানাধীন। বর্ষায় এসব জমি ডুবে যাওয়ায় তাঁরা সেখানে ফসল করতে পারেননি। মৎস্যজীবীরা সেখানে মাছ ধরতে আসেন। তাই তাঁরা সেখানে মাছ ধরতে নিষেধ করেছেন।
গত রোববার সরেজমিনে দেখা যায়, বিলের ধারে ভেঙে ফেলা তিনটি ছোট নৌকা ও মাছ ধরার ২৫-২৬টি খোলসুন ও চারু পড়ে আছে। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছেঁড়া জালের অংশ। এ ছাড়া বিলের মধ্যে বড় বড় পুকুর তৈরি করে তাতে বিলের মাছ আটকে রাখার ব্যবস্থাও করা হয়েছে।
মালিপাড়া গ্রামের মৎস্যজীবী সুরত আলী বলেন, ‘মাঝগ্রামের আবদুস সোবহান, আনা মিয়াসহ কয়েকজন আমার আটটি ভাইড় (বাঁধ) গুঁড়িয়ে দিয়েছেন। এখন আমি বেকার। স্ত্রী-সন্তানদের নিয়ে খাব কী তা ভেবে পাচ্ছি না।’
মাঝগ্রামের মৎস্যজীবী আবদুল হালিম বলেন, সপ্তাহ খানেক আগে ওই ব্যক্তিরা তাঁর নৌকা ও খলসুন ভেঙে দিয়েছে। বৃদ্ধ মা-বাবাসহ পাঁচ সদস্যের পরিবারের তিন বেলা খাবার তিনি জোগাতে পারছেন না। একই গ্রামের আলীরাজ বলেন, তিনি মাছ ধরতে বিলে গেলে তাঁকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে।
মালিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবদুল হাই বলেন, এবার বিলে প্রচুর দেশীয় মাছ পাওয়া যাচ্ছে। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের হামলার ভয়ে মৎস্যজীবীরা বিলে নামতেই পারছেন না।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। ইউএনও রুহুল আমিনও লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।