গাড়ি চালানো শেখার বেশির ভাগ স্কুলই নীতিমালা মানছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি চালানো শেখার দিকে এখন অনেকেই ঝুঁকছেন। পেশা হিসেবে না হলেও চালকের অনুপস্থিতিতে বা বিপদে আপদে যাতে নিজের গাড়ি নিজেই চালাতে পারেন, সেদিকে মনোযোগী হচ্ছেন অনেকে। নারীরাও এ ক্ষেত্রে পিছিয়ে নেই।
এই পেশাদার ও অপেশাদার চালকদের প্রশিক্ষণের জন্য রাজধানীর অলিগলিতে গজিয়ে উঠেছে বিভিন্ন ড্রাইভিং স্কুল। এসব স্কুলের বেশির ভাগই চলছে সরকারের অনুমোদন ছাড়া। আবার অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলোর বেশির ভাগই কোনো নিয়মনীতি মানছে না। লক্কড়ঝক্কড় গাড়িতে গাড়ি চালানো শেখানো হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কায় যে ধরনের পূর্বপ্রস্তুতি থাকার কথা, এর কিছুই নেই তাদের। রাস্তায় এসব গাড়ি দেখলে অন্য গাড়ির চালক ও যাত্রীরা নিরাপদ দূরত্ব বজায় রাখেন। নব্য চালকদের লাইসেন্স পাওয়ার পুরো দায়িত্বই নিচ্ছে স্কুলগুলো। শুধু এ জন্য প্রশিক্ষণার্থীকে একটু বাড়তি খরচ করতে হচ্ছে।
ড্রাইভিং স্কুল পরিচালনার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অনুমোদন লাগে। তবে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন, ঢাকার বেশির ভাগ স্কুলই নিয়মনীতি মানছে না। যাঁদের শেখার দরকার, তাঁরা এত কিছু বাছবিচার করছেন না। স্কুলগুলো এ সুযোগ নিচ্ছে। এলাকাভিত্তিক গড়ে ওঠা স্কুলগুলো থেকে গাড়িকে সামনে বা পেছনে নেওয়ার কাজটুকু শিখলেই নিজেকে চালক হিসেবে জাহির করছেন অনেকে।
মোহাম্মদপুরের উত্তর বঙ্গ ড্রাইভিং স্কুলের ব্যবস্থাপক মাজেদ আলী বলেন, রিকশা, গাড়িকে ধাক্কা দেওয়াসহ ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও বড় কোনো দুর্ঘটনা ঘটে না। ১৮ বছরের কম বয়সী ব্যক্তিদের ড্রাইভিং শেখানোর নিয়ম নেই। তবে অনেক সময় পরিবারের পক্ষ থেকেই ১৮ বছরের কম বয়সী সদস্যকেও শেখানোর জন্য চাপ দেওয়া হয়। আর এ সুযোগটি কাজে লাগায় বিভিন্ন স্কুল।
সম্প্রতি মোহাম্মদপুরে ঢাকা ড্রাইভিং স্কুলে গিয়ে দেখা যায়, বিল্লাল হোসেন নামের একজন বিক্রয়কর্মী লাইসেন্সের জন্য ফরম পূরণ করছেন। তিনি এ স্কুল থেকে গাড়ি চালানো শিখেছেন। লাইসেন্স করার জন্য বিআরটিএতে যাওয়ার মতো সময় নেই বলেই এ স্কুলের সহায়তা নিচ্ছেন বলে জানালেন তিনি। প্রতিষ্ঠানটিকে লাইসেন্স করার ক্ষেত্রে সহযোগিতায় শিক্ষানবিশ লাইসেন্স ও অন্যান্য খরচ বাবদ দিতে হচ্ছে আট থেকে নয় হাজার টাকা করে।
বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং বিভাগ) নুরুল ইসলাম বলেন, সারা দেশে সরকারের অনুমোদিত ড্রাইভিং স্কুলের সংখ্যা ১০৩টি। এর বাইরে অন্য যেসব স্কুল আছে, তারা বাহারি সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা করছে। মোবাইল কোর্টের মাধ্যমে মাঝেমধ্যে এসব স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রায়ই বিজ্ঞপ্তি দিয়ে অনুমোদন নেওয়ার জন্য স্কুলগুলোর প্রতি আহ্বান জানানো হয়। তবে সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুরের একটি স্কুলের মালিক জানালেন, অনুমোদন পাওয়ার জন্য মাঠে গাড়ি চালানো শেখানো হবে বলে দেখানো হয়েছিল। এসএসসি পাস প্রশিক্ষকও দেখানো হয়। তবে এখন আর সে মাঠে শেখানো হয় না। খুব ভোরে নগরীর রাস্তায় শেখানো হচ্ছে। এসএসসি পাস ছাড়া প্রশিক্ষকও দায়িত্ব পালন করছেন।
এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, অনেক স্কুল ১৫ দিন, এক মাস প্রশিক্ষণ দিয়েই চালকদের ছেড়ে দিচ্ছে রাস্তায়। আর চালকদের শুধু গাড়ি চালানো শেখানো হচ্ছে। চালকের এক সেকেন্ডের অবহেলায় কারও জীবন চলে যেতে পারে বা অন্যান্য দায়িত্ব ও মানবিকতাবোধ শেখানো হচ্ছে না। তিনি বলেন, এসব স্কুলের কোনো নীতিমালা নেই। প্রশিক্ষণপদ্ধতিও নেই।