বাস ও মাহেন্দ্র (ছোট মোটরযান) শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার গাড়িতে ভাঙচুর করেছেন বাসশ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এর প্রতিবাদে বেলা একটার দিকে টুঙ্গিপাড়ার কয়েক হাজার লোক বিভিন্ন যানবাহনে করে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে অবস্থান নিয়ে কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর চালান। এ সময় একটি প্রাইভেট কার ভাঙচুর করতে গেলে পুলিশ লাঠিপেটা করে ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা জানান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গতকাল গোপালগঞ্জ শহরে জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে আসছিলেন। ঘোনাপাড়া এলাকায় গোপালগঞ্জ বাস মালিক সমিতির শ্রমিকেরা তাঁর সরকারি গাড়িটির গতিরোধ করেন। একপর্যায়ে তাঁরা ভাঙচুর শুরু করেন। এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। কাচের টুকরার আঘাতে চেয়ারম্যান ও তাঁর গাড়ির চালক নান্টু সিকদার আহত হন।
খবর পেয়ে দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার কয়েক হাজার লোক ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন যানবাহনে করে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে অবস্থান নেন। সেখানে তাঁরা কয়েকটি দোকান এবং চর বয়রা ও ঘোনাপাড়ার পাঁচ-সাতটি বাড়িতে ভাঙচুর করেন। এ সময় ঘোনাপাড়া মোড়ে সদর উপজেলার লোকজন টুঙ্গিপাড়াগামী একটি প্রাইভেট কার ভাঙচুর করতে গেলে পুলিশ লাঠিপেটা করে ও ২২টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তাফা বলেন, বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে বাসে যাত্রী ওঠানো নিয়ে বাসশ্রমিক ও মাহেন্দ্র চালকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।