গাড়ি ভাঙচুর করায় ছাত্রলীগের দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল রোববার গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। চাঁদা না দেওয়ায় ওই ভাঙচুর করা হয় বলে জানতে পেরেছে পুলিশ।
আটক দুজন হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গুঠুরি এলাকার সফিউল ইসলামের ছেলে বিল্লাল হোসেন ওরফে টুটুল (২০) ও উপজেলার ডাইনকিনি এলাকার মিজানুর রহমানের ছেলে রাসেল হোসেন (১৯)।
পুলিশ জানায়, কালিয়াকৈর-নবীনগর সড়কের চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানার সামনে গতকাল বেলা ১০টার দিকে পাঁচ-ছয়জন যুবক কয়েকটি লেগুনা (হিউম্যান হলার) ভাঙচুর করে। এ খবর পেয়ে চন্দ্রা এলাকায় কর্তব্যরত ট্রাফিক বিভাগ ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরকারীদের ধাওয়া করেন। এরপর পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে থেকে বিল্লাল ও রাসেলকে আটক করা হয়। বিল্লাল চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখার ছাত্রলীগের সহসভাপতি। আর রাসেল একই কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। আটক দুজনকে কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, গাড়ি ভাঙচুর করার সময় ছাত্রলীগের ওই দুই নেতা-কর্মীকে আটক করা হয়েছে। ওই এলাকার লেগুনার চালকেরা চাঁদা না দেওয়ায় তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় বলে পুলিশ জানতে পেরেছে।