গাড়ির টায়ার কেটে ফেনসিডিল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কের ওপর চলন্ত ট্রাক থেকে পড়ে যায় একটি টায়ার। সেই টায়ার কেটে ১৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সীমাবাড়ি এলাকার আমতলী মোড়ে এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাক থেকে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই টায়ার পড়ে যায়। পরে স্থানীয় লোকজন টায়ারটির বিষয়ে মহাসড়কের কর্তব্যরত টহল পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টায়ার কেটে ১৪৩ বোতল ফেনসিডিল জব্দ করে। প্রতিটি ফেনসিডিলের বোতল ছিল প্লাস্টিকের তৈরি।

এ ব্যাপারে জানতে চাইলে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) পুতুল মহন্ত প্রথম আলোকে বলেন, কোনো মাদক বিক্রেতা পুলিশের চোখ ফাঁকি দিতে গাড়ির টায়ারের মধ্যে ওই ফেনসিডিলগুলো লুকিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিল। কিন্তু টায়ারটি পণ্যবাহী ট্রাক থেকে পড়ে যাওয়ায় এই ফেনসিডিল জব্দ করা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।