গান-গল্পে সুন্দর বিকেলটা কাটল প্রতিবন্ধীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষের বিকেলে হালকা রোদ এসে পড়েছে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে। সেই সোনা ঝরা রোদে মঞ্চে এলেন শারিরীক প্রতিবন্ধী সাবরিনা সুলতানা। দর্শকের উদ্দেশে বললেন তাঁর স্বপ্ন জয়ের গল্প, চার দেয়াল থেকে বাইরে এসে অসংখ্য প্রতিবন্ধীকে নিয়ে একসঙ্গে পথচলার গল্প। ওই অনুষ্ঠানে আরও ছিল গান ও আড্ডা।

গান, গল্প-আড্ডায় প্রতিবন্ধীদের জন্য এমন সুন্দর একটি বিকেল আজ বৃহস্পতিবার উপহার দিলেন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেইঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি ন্যাক্সাস (বি-স্ক্যান)। ‘একীভূত সমাজের অঙ্গীকার’ নিয়ে বি-স্ক্যান আয়োজন করে ‘কনসার্ট ফর ইনক্লুয়েশন’। এতে গান শোনায় জলের গান, নেফারিয়াস, সেনটিনেল, আবর্তন ও শহরতলি। প্রতিবন্ধী শিল্পীদের মধ্যে ছিলেন চাঁদের কনা, স্বপ্না চাঁদনী, নজরুল ইসলাম ও শাহাবুদ্দিন দোলন। আবৃত্তি করেন রূপা চক্রবর্তী।
অনুষ্ঠানে বি-স্ক্যানের প্রতিষ্ঠাতা সভাপতি সাবরিনা বলেন, ‘অনেক প্রতিবন্ধী নিজেদের সমাজের বোঝা মনে করেন এবং নিজেদের চার দেয়ালের মধ্যে বন্দী রাখেন। তাঁদের চার দেয়াল থেকে বাইরের পৃথিবীতে নিয়ে আসার জন্যই মূলত আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই প্রতিবন্ধীরাও সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকবে। এ জন্য সবার সহিযোগিতা চাই।’
সাবরিনা বলেন, ‘আমরা সমাজে চলতে গেলে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। পথে যাতায়াতে আমাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে না। ট্রেনে উঠতে গেলে জীবনের ঝুঁকি নিতে হয়। সবাই যদি আমাদের সহযোগিতা করে, আমরাও আপনাদের সঙ্গে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারব।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি বলেন, ‘আমরা সবাই যদি সহযোগিতা করি তবে প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা খুব সহজেই দূর করতে পারব। তারা আমাদের মতোই সমাজে নানা কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে।’
বি-স্ক্যান থেকে প্রকাশিত ত্রৈ-মাসিক পত্রিকা অপরাজেয়-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হয়। এই কনসার্টে দর্শক সারিতে ছিলেন কয়েক হাজার দর্শক-শ্রোতা।