গান গাওয়ায় প্রাণ দিতে হলো বাউল শিল্পীকে
মানা সত্ত্বেও গান গাওয়ায় এক বাউল শিল্পীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার গাজীপুরের তিতারকুল এলাকার একটি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বাউল শিল্পীর নাম বিউটি আক্তার (২৭)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার উত্তর তরা গ্রামের আবদুল মজিদ আকন্দের মেয়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বিউটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের জোলারপাড় এলাকার আইন উদ্দিনের ছেলে সেলিম হোসেনের সঙ্গে প্রায় দেড় বছর আগে বিউটির বিয়ে হয়। এটি বিউটির দ্বিতীয় বিয়ে। বাউল শিল্পী হিসেবে তাঁর খ্যাতি আছে। তিনি দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে বাউল গান করে আসছিলেন। এই গান গাওয়া নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। বিয়ের পর স্বামীর নিষেধ সত্ত্বেও বিউটি বিভিন্ন এলাকায় গিয়ে গান করতেন। এতে ভীষণ ক্ষুব্ধ ছিলেন সেলিম।
আটককৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, সেলিম ও তাঁর বন্ধু শাকিল হোসেন জয়দেবপুর বাজারে একটি পোশাক বিতানের কর্মচারী। মঙ্গলবার বিকেলে সহকর্মী শাকিলের মাধ্যমে তিতারকুল বাজারঘাট এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করেন সেলিম। সন্ধ্যায় ওই নৌকায় করে বেড়ানোর কথা বলে স্ত্রী বিউটিকে নিয়ে পূবাইল এলাকায় যান সেলিম। সঙ্গে নেন তাঁর কয়েকজন সহযোগীকে। সেখান থেকে ফেরার পথে রাত ১১টার দিকে তিতারকুল বাজার ঘাটের পাশে নৌকার মধ্যেই স্ত্রীকে মারধর শুরু করেন সেলিম। এতে যোগ দিয়ে সেলিমের সহযোগীরাও বিউটিকে এলোপাতাড়ি মারধর করেন। পরে তাঁকে ধাক্কা দিয়ে বিলের পানিতে ফেলে দেন তাঁরা। এ সময় নৌকার মাঝি শাহ আলম কৌশলে তাঁর মুঠোফোনে ঘটনাটি এলাকাবাসীকে জানান। পরে এলাকার লোকজন গিয়ে নৌকা থেকে পাঁচজনকে আটক করে। জয়দেবপুর থানা-পুলিশ পাঁচজনকে থানা হেফাজতে নিয়েছে।
আটক অন্য চারজন হলেন মামুন সিদ্দিকী (২৮), রুবেল হোসেন (২৮), মো. শাকিল মিয়া (১৪) ও লিটন মিয়া (৩০)।
মঙ্গলবার রাতভর খোঁজাখুঁজির পরও বিউটিকে পাওয়া যায়নি। এরপর গতকাল বেলা ১১টার দিকে বিল থেকে তাঁর লাশ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। লাশ মর্গে পাঠানো হয়েছে।
গৃহবধূর লাশ উদ্ধার
আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, জেলার দৌলতপুর উপজেলার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার আবুডাঙ্গা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ রেনু আক্তার (৩২) আবুডাঙ্গা গ্রামের আতাউর রহমানে স্ত্রী। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরের পর থেকে রেনু নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় বাড়ির গোয়ালঘরে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে রাতে পুলিশ নিহত রেনুর লাশ উদ্ধার করে। গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।