গানপাউডারসহ জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম গানপাউডারসহ সাইদুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির দাবি তিনি জেএমবি সদস্য। তিনি শিবগঞ্জের কালিনগর গ্রামের তাবজুল হকের ছেলে।


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নাশকতার উদ্দেশ্যে সাত-আটজন জেএমবি সদস্য শিবগঞ্জের আজমতপুর হুদমা বাজারের কাছে একটি গভীর নলকূপের ঘরে গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্যরা পালাতে সক্ষম হলেও সাইদুর রহমানকে গানপাউডারসহ সেখান থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আজ শুক্রবার শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, সাইদুর রহমানের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নাচোল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা রয়েছে।