গানের আসর নিয়ে হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানের আসর নিয়ে বাগ্‌বিতণ্ডার জের ধরে গ্রাম্য সালিসে এক পরিবারের পাঁচজন প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সীমান্তবর্তী মোন্তাজ মোল্লার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন ইদ্রিস প্রামাণিক (৩৯), তাঁর বাবা কুদ্দুস প্রামাণিক (৭৪), বড় ভাই নেপাল প্রামাণিক (৫০), বড় বোন মেহেরজান (৪০) ও ছোট ভাই কাইয়ুম প্রামাণিক (৩২)। এঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কুদ্দুস প্রামাণিক, নেপাল প্রামাণিক ও কাইয়ুম প্রামাণিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ইদ্রিস প্রামাণিক (৩৯) জানান, তিন দিন আগে গ্রামের তারা সরদারের বাড়িতে গ্রাম্য গাজির গানের আসর বসেছিল। ওই আসরে স্থানীয় কুটি সরদারের সঙ্গে তাঁর ছোট ভাই কাইয়ুম প্রামাণিকের মধ্যে গান নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। স্থানীয়ভাবে তা সমাধানের জন্য আজ সকাল আটটার দিকে স্থানীয় নবীনের বাড়িতে সালিসি বৈঠক বসে। সালিসি বৈঠকের শেষ পর্যায়ে তাঁর পরিবারের লোকজনের ওপর হঠাৎ কুটি সরদারসহ বিশা সরদারের ছেলে আবজাল, বুদাই সরদার, স্থানীয় রজব সরদার, হোসেন সরদার, জলিল সরদার, আদ্দো সরদার হাতুড়ি ও লোহার রড নিয়ে হামলা চালায়।

এদিকে যাঁদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। তিনি জানান, এ ধরনের মৌখিক অভিযোগ পাওয়ার পর আহত ব্যক্তিদের আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। পরে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।