গাফিলতির অভিযোগে পুলিশের দুই এসআই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের ঘটনায় গাফিলতির অভিযোগে আজ শুক্রবার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর একই থানার পরিদর্শক পদমর্যাদার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
গত ৮ জুলাই শিশু সামিউলকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার পরপরই তার বাবা শেখ মো. আজিজুর রহমানের অভিযোগ পুলিশ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠে। গত ১৪ জুলাই জালালাবাদ থানার এসআই আমিনুল ইসলামকে প্রত্যাহার করে মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ও মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএ রোকনউদ্দিন গতকাল বৃহস্পতিবার রাতে ৪২৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন পুলিশ কমিশনারের কাছে জমা দেন। এতে পুলিশের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আজ পুলিশের এ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত বুধবার সিলেটে যান। ওই দিন বিকেলে তিনি শিশু সামিউলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। আজ শুক্রবার দুপুরে তিনি ঢাকায় ফেরেন। ঢাকা আসার পথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, সামিউলকে পিটিয়ে হত্যার ঘটনায় গাফিলতির জন্য দায়ী পুলিশকে ছাড় দেওয়া হবে না।