গাবতলী গরুর হাটে বাড়তি খাজনা-চাঁদা আদায়ের অভিযোগ
রাজধানীর গাবতলী গরুর হাটের ইজারাদারের বিরুদ্ধে মাংস ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত খাজনা ও চাঁদা আদায়ের অভিযোগ করেছেন ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি নামের দুটি সংগঠন। সংগঠন দুটি আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে।
লিখিত বক্তব্যে বলা হয়, গাবতলী গরুর হাটের ইজারাদার লুৎফর রহমান সিটি করপোরেশনের শর্তের তোয়াক্কা না করে তাঁদের নিযুক্ত মজিবর বাহিনী দিয়ে মাংস ব্যবসায়ীদের কাছে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও হয়রানি করছেন। মাংস ব্যবসায়ীদের রাত ১২টার আগে হাট থেকে গরু বের করতে দিচ্ছে না। এ ছাড়া গাড়ি দিয়ে গরু নিতে চাইলেও খাজনা ও চাঁদা দিতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এই হয়রানি থেকে মুক্ত হতে সিটি করপোরেশনকে বারবার অভিযোগ করেও রেহাই মেলেনি। পরে মাংস ব্যবসায়ীরা হাইকোর্টে এ নিয়ে রিট করেছেন এবং আদালত রুল জারি করেছেন। কিন্তু ইজারাদারেরা এই রুল মানছেন না।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, গরুর হাটে ব্যাপারী সমিতি, মাংস ব্যবসায়ী সমিতি ও গরুর হাটের ইজারাদারের প্রতিনিধি এবং ঢাকা সিটি করপোরেশনের পর্যবেক্ষণ ও সালিস কমিটি করে দিলে সমস্যা অনেকাংশে সমাধান হবে। সমস্যার সমাধান হলে মানুষ কিছুটা কম দামে গরুর মাংস কিনতে পারবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তুজা বলেন, ‘আমরা একটি গরুতে ৫০০ থেকে ৭০০ টাকা লাভ করি। কিন্তু গরুপ্রতি বেশি চাঁদা দিলে সেটির ভার ক্রেতাদের ওপরই পড়ে। এ জন্য মাংসের দাম কম নিতে পারি না।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাবতলী গরুর হাটের ইজারাদার লুৎফর রহমান অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, মজিবর বাহিনী নামে তাঁর কোনো বাহিনী নেই। তিনি নিয়মের বাইরে অতিরিক্ত কোনো খাজনা আদায় করেন না।