গাবতলী টার্মিনালে দুই পক্ষ মুখোমুখি
গাবতলী বাস টার্মিনালে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের দুই পক্ষ মুখোমুখি অবস্থায় রয়েছে। গত শনিবার উভয় পক্ষ একই স্থানে সভা ডাকার কারণে পুরো টার্মিনালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে করে প্রায় আড়াই ঘণ্টা গাবতলী থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
টার্মিনালের লোকজন জানিয়েছেন, ১৬ এপ্রিল এক পক্ষ থেকে ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করায় নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এখন যেকোনো সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। গাবতলী বাস টার্মিনালের ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন হয় ২০১৫ সালের ২৬ ডিসেম্বর। নির্বাচনে আব্বাস উদ্দিন সভাপতি ও আতিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই কমিটিকে স্বঘোষিত দাবি করেছেন ইউনিয়নের সাবেক কমিটির নেতা পরিচয় দেওয়া কয়েকজন। বর্তমান কমিটির বিরুদ্ধে সাবেক কমিটির লোকজন চাঁদাবাজির অভিযোগ তুলেছেন।
সাবেক কমিটির সভাপতি দাবি করা মো. শওকত হোসেন বলেন, গত ২৪ ডিসেম্বর শ্রম আদালত ২৬ তারিখের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন। ভোটার তালিকা হালনাগাদ করে দুই মাসের মধ্যে নির্বাচন করার আদেশ দেওয়া হয়। কিন্তু বর্তমান কমিটির লোকজন সেই নির্দেশ না মেনে ২৬ ডিসেম্বর নির্বাচন করেন।
গত শনিবার সাবেক কমিটির নেতারা মিরপুর ১ নম্বর সেকশনের শেখ রাসেল উদ্যানে ইউনিয়নের সাধারণ সভা আহ্বান করেন। একই স্থানে বর্তমান কমিটির লোকজনও সভা আহ্বান করলে পুলিশ কাউকেই সেখানে সভা করতে দেয়নি। পরে সাবেক কমিটির লোকজন একটি কমিউনিটি সেন্টারে সভা করে ১৬ এপ্রিল ইউনিয়নের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন। একই সময় বর্তমান কমিটির লোকজন টার্মিনাল এলাকায় সভা করেন। ওই সময় দুই পক্ষের সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গাবতলী টার্মিনাল।
বিবদমান দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান কমিটিকে সমর্থন দিচ্ছেন স্থানীয় সাংসদ আসলামুল হক এবং অপর পক্ষের সমর্থনে আছেন যুব মহিলা লীগের মহানগরের (উত্তর) সাধারণ সম্পাদক ও নড়াইলের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সাবিনা আকতার। ২ এপ্রিল সাবেক কমিটি ঘোষিত সভার প্রধান অতিথি ছিলেন সাবিনা আকতার।
সার্বিক পরিস্থিতি নিয়ে এক পক্ষ গতকাল বৃহস্পতিবার ক্রাইম রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে। এতে বলা হয়, বর্তমান অবৈধ কমিটির লোকজন টার্মিনালে নির্ধারিত হারের বেশি চাঁদা আদায় করেছেন। নির্দেশনা অনুযায়ী সাধারণ সভা করে ১৬ এপ্রিল ইউনিয়নের নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে।
বর্তমান কমিটির সভাপতি আব্বাস উদ্দিন বলেন, বর্তমান কমিটির লোকজনকে হেয়প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। স্বঘোষিত কিছু ব্যক্তি নিজেদের ইউনিয়নের নেতা বলে পরিচয় দিচ্ছেন। তাঁদের দাবির কোনো ভিত্তি নেই। নির্ধারিত হারের বাইরে কোনো বেশি টাকাও আদায় করা হয় না বলে তিনি দাবি করেন।