গাবতলী পশুর হাটে অতিরিক্ত খাজনা ও চাঁদা আদায়ের অভিযোগ
গাবতলী পশুর হাটের ইজারাদারের বিরুদ্ধে মাংস ব্যবসায়ীরা অতিরিক্ত খাজনা ও চাঁদা আদায়ের অভিযোগ করেছেন। ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি গতকাল রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে।
সংগঠন দুটির পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়, গাবতলী পশুর হাটের ইজারাদার লুৎফর রহমান সিটি করপোরেশনের শর্তের তোয়াক্কা না করে তাঁদের নিযুক্ত লোক দিয়ে মাংস ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও হয়রানি করছেন। মাংস ব্যবসায়ীদের রাত ১২টার আগে হাট থেকে গরু বের করতে দিচ্ছেন না। এ ছাড়া গাড়ি দিয়ে গরু নিতে চাইলেও খাজনা ও চাঁদা দিতে হচ্ছে। এই হয়রানি থেকে মুক্ত হতে সিটি করপোরেশনকে বারবার অভিযোগ করেও রেহাই মেলেনি। পরে মাংস ব্যবসায়ীরা হাইকোর্টে এ নিয়ে রিট করেছেন এবং
আদালত রুল জারি করেছেন। কিন্তু ইজারাদাররা এই রুল মানছেন না বলে লিখিত বক্তব্যে জানানো হয়।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, পশুর হাটে ব্যাপারী সমিতি, মাংস ব্যবসায়ী সমিতি ও হাটের ইজারাদারের প্রতিনিধি এবং ঢাকা সিটি করপোরেশনের পর্যবেক্ষণ ও সালিস কমিটি করে দিলে সমস্যা অনেকাংশ সমাধান হবে। সমস্যার সমাধান হলে মানুষ কিছুটা কম দামে মাংস কিনতে পারবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা বলেন, ‘আমরা একটা গরুতে ৫০০ থেকে ৭০০ টাকা লাভ করি। কিন্তু গরুপ্রতি বেশি চাঁদা দিলে সেটির ভার ক্রেতাদের ওপরই পড়ে। এ জন্য মাংসের দাম কম নিতে পারি না।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাবতলী গরুর হাটের ইজারাদার লুৎফর রহমান অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন সঠিক খাজনার বাইরে কোনো খাজনা আদায় করা হয় না। কাউকে ভয়ভীতিও দেখানো হয় না।