গাবতলী পশুর হাটে ২০ গুণ বেশি ইজারা আদায়ের অভিযোগ
নিষেধাজ্ঞার পরও গাবতলী পশুর হাটে অবৈধভাবে গড়ে ২০ গুণ বেশি ইজারা আদায় করা হয় বলে অভিযোগ করেছে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। গতকাল রোববার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এই হাটটির মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, সরকারি তালিকা অনুযায়ী গাবতলী পশুর হাটে মাংস ব্যবসায়ীদের জন্য একটি গরুর ইজারা ৫০ টাকা, মহিষ ৭০ টাকা ও ছাগল ও ভেড়া ১৫ টাকা করে নির্ধারণ রয়েছে। কিন্তু এই হাটের ইজারাদার তা মানছেন না। একটি গরু ও মহিষের ইজারা ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত রাখা হয়। ইজারাদার ও তাঁর শ্রমিকদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পান না। তবে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময় দারুস সালাম ও মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি ও মামলা রয়েছে।
অতিরিক্ত ইজারার বিষয়ে জানতে চাইলে গাবতলী পশুর হাটের ইজারাদার লুৎফর রহমান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গাবতলী পশুর হাটে মাংস ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে কম টাকা রাখা হয়৷ মাংস ব্যবসায়ীদের ওই অভিযোগ মিথ্যা ও বানোয়াট৷
লিখিত বক্তব্যে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, একটি পশু সীমান্ত এলাকা থেকে গাবতলী হাট পর্যন্ত নিতে ব্যবসায়ীদের চাঁদা দেওয়াসহ প্রায় ২০ হাজার টাকা খরচ হয়। তারপর আবার হাটে অতিরিক্ত ইজারা রাখা হয়। এভাবে দিন দিন মাংসের দাম বাড়ছে। ক্রেতারা ভুক্তভোগী হচ্ছেন। অথচ এই চাঁদাবাজি দমন করা গেলে মাংসের দাম কমে যাবে।
রবিউল আলম বলেন, ওই হাটে অতিরিক্ত ইজারা আদায়ের প্রতিবাদে উচ্চ আদালতে একটি রিট করেন তাঁরা। পরে গত বৃহস্পতিবার আদালত এই রিট শুনানির দিন ধার্য করেন আগামী ১ ডিসেম্বর। এর আগে ২৮ সেপ্টেম্বর অতিরিক্ত ইজারা আদায়ের প্রতিবাদে ডিএনসিসিতে মাংস ব্যবসায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি, ডিএনসিসির জনপ্রতিনিধি ও ইজারাদারকে নিয়ে একটি সভা করা হয়। এই সভায় সরকার নির্ধারিত ইজারার হার মেনে চলতে ইজারাদার বাধ্য হবেন বলে সিদ্ধান্ত হয়। কিন্তু এর পরদিন থেকে আবার একই পরিমাণ টাকা নিচ্ছেন ইজারাদার। ওই সভার রেজল্যুশন গতকাল পর্যন্ত তাঁরা হাতে পাননি।
ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল বারেক বলেন, গাবতলী পশুর হাটের এই সমস্যা সমাধানে ডিএনসিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও থানা-পুলিশের কাছে একাধিক আবেদন করা হয়েছে। কিন্তু কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। অবিলম্বে সরকারকে এ সমাধান করতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা, সহসভাপতি ফরিদ আহম্মেদ, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ, সহসভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।