গাবতলী মডেল থানার ওসির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবদুল্লাহ আল হাসানের লাশ তাঁর সরকারি বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কক্ষের ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে দাবি করেছে পুলিশ। এ সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
হাসানের গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামে। তবে গ্রামের সঙ্গে তাঁর তেমন যোগাযোগ ছিল না। স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি বসবাস করতেন রাজশাহী মহানগরের উপশহর এলাকায়। গাবতলী মডেল থানার ওসি হিসেবে তিনি গত ৬ ফেব্রুয়ারি যোগদান করেন।
পুলিশের একাধিক সূত্র দাবি করেছে, আবদুল্লাহ আল হাসান আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে স্ত্রীর কাছে লেখা চিঠিতে (সুইসাইডাল নোট) ব্যক্তিগত হতাশা ও মানসিক যন্ত্রণা থেকে তিনি এ পথ বেছে নিয়েছেন বলে উল্লেখ করেছেন। তবে চিঠির ব্যাপারে পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা মুখ খুলতে চাননি।
বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর। সুইসাইডাল নোট রেখে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সে রকম কিছু রেখে গেলে তদন্তে বেরিয়ে আসবে। তাঁর স্ত্রী এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্বাভাবিক হলে বিষয়টি নিয়ে কথা বলা যাবে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) ফজল-ই-খুদা বলেন, আবদুল্লাহ আল হাসান সরকারি বাসভবনে পরিবার ছাড়াই থাকতেন। সন্তানদের লেখাপড়ার জন্য তাঁর স্ত্রী রোজী বেগম থাকতেন রাজশাহী মহানগরীতে। গত মঙ্গলবার একটি হত্যা মামলা নিয়ে ওসির সঙ্গে তাঁর কথা হয়। তাঁকে দেখে মানসিকভাবে বিপর্যস্ত মনে হয়নি। রাতে তিনি বাসায় যান। সকালে থানা থেকে ডিউটি অফিসার ও সহকারী উপপরিদর্শক হাসিনা বানু তাঁকে একাধিকবার ফোন করেন। কিন্তু তিনি ধরছিলেন না। এতে সন্দেহ হলে সকাল সাড়ে ১০টার দিকে কায়েমদ্দিন নামের একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে ওসির বাসভবনে যান। ভেতর থেকে বন্ধ দরজা ধাক্কা দিয়ে খুলে দেখেন, শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তিনি ঝুলে রয়েছেন। পরে অন্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাবতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমায়াতুল হাসিন বলেন, বেলা সোয়া ১১টার দিকে আবদুল্লাহ আল হাসানকে হাসপাতালে আনা হয়। আনার আগেই তিনি মারা যান। গলায় একটা দাগ দেখা গেলেও শরীরের অন্যান্য স্থানে আঘাতের কোনো চিহ্ন আছে কি না, সেটা সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ নিশ্চিত করতে পারবে।
ঘটনার পরপরই আবদুল্লাহ আল হাসানের স্ত্রী রোজী বেগম দুই সন্তানকে সঙ্গে নিয়ে গাবতলী মডেল থানায় আসেন। স্বামীর লাশ দেখে তিনি মূর্ছা যান। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নুরী জান্নাত ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে তাসনিম হাসানও বাবার লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। রোজী বেগম সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।