গাবতলীতে বাসে পেট্রলবোমা
রাজধানীর গাবতলীতে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিন এ ঘটনা ঘটে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের ভাষ্য, মিনিবাসটি গাবতলী থেকে গুলিস্তানগামী। গাবতলী বাস টারমিনালের উল্টো দিকের রাস্তায় বাসটি থেমে ছিল। বাসের ভেতরে কেউ ছিল না। কয়েকজন দুর্বৃত্ত পেট্রলবোমা ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নেভায়।
ওসি মো. রফিকুল ইসলামের দাবি, পুলিশ বাসের পাশ থেকে তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে দুই দিনের এই হরতালের ডাক দেয় জামায়াত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজহারুলের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার পর গত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতালের এই কর্মসূচি দেন।