গাবতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এএসআই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী এলাকায় দায়িত্ব পালনকালে দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মিয়া (৪০) দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মুনতাসীরুল ইসলাম প্রথম আলোকে মুঠোফোনে বলেন, রাত নয়টার দিকে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি নিয়মিত তল্লাশিচৌকি ছিল। সেখানে বিভিন্ন যানবাহন ও পথচারীদের তল্লাশি করা হচ্ছিল। বাস থেকে নামা এক যাত্রীকে সন্দেহ হলে তাঁকে তল্লাশি করার সময় ওই ব্যক্তি এএসআই ইব্রাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এ ঘটনায় একজনকে আটক করে দারুস সালাম থানায় আনা হয়েছে জানিয়ে মুনতাসীরুল ইসলাম বলেন, ছুরিকাঘাতকারী পালিয়ে গেলেও ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্যরা দৌড়ে গিয়ে অপর ব্যক্তিকে আটক করেন। ওই ব্যক্তি ছুরিকাঘাতকারী ব্যক্তির সঙ্গেই ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে তাঁর নাম মাসুদ বলে জানিয়েছেন। তবে নামটি সঠিক কি না, পুলিশ তা যাচাই করে দেখছে। পুলিশের ধারণা, মাসুদ একই চক্রের লোক।
ঘটনার প্রায় আধা ঘণ্টা পর ইব্রাহিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে গিয়ে দেখা যায়, ইব্রাহিমের লাশ সাদা কাপড়ে ঢাকা। শরীর থেকে প্রচুর রক্ত ঝরছিল।
ইব্রাহিমকে মৃত অবস্থায় আনা হয়েছে জানিয়ে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাহাত নাজমা প্রথম আলোকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে ইব্রাহিমকে হাসপাতালে আনা হয়। তাঁর বুকের ডান পাশের ওপরের দিকে এবং পেটের মাঝামাঝি জায়গায় আঘাতের দুটি চিহ্ন ছিল। আঘাতের কারণে পেটের নাড়ি বের হয়ে যায়। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আনার পর তাঁর শরীরে কোনো হৃৎস্পন্দন পাওয়া যায়নি।
সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রাত ১০টার পর ময়নাতদন্তের জন্য ইব্রাহিমের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।