গায়ে আগুন দিয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টয়লেটে ঢুকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসক ফয়সাল উজ জামান প্রথম আলোকে বলেন, ছাত্রীটির শরীরের গলার নিচ থেকে ২৮ শতাংশ পুড়ে গেছে। সময় না গেলে কিছু বলা যাবে না।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মো. মাহবুব খান প্রথম আলোকে বলেন, বিকেল সোয়া চারটার দিকে টিএসসির তিনতলা থেকে নামার সময় তিনি দোতলার টয়লেট থেকে চিৎকার শুনতে পান। তিনি ও তাঁর বন্ধু দরজা ভেঙে মেয়েটিকে উদ্ধার করেন। পরে অন্যদের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
তবে ফারসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাকির সবুর প্রথম আলোকে বলেন, তাঁর উপস্থিতি কিছু কম ছিল, সেটা কনসিডার করা হয়েছে। মিডটার্ম পরীক্ষা দিতে পারেনি, সেটাও নেওয়া হয়েছে। এ সংক্রান্ত কোনো সমস্যা ছিল না।
খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী, টিএসসির পরিচালক আলমগীর হোসেন হাসপাতালে ওই ছাত্রীকে দেখতে যান। এ সময় অধ্যাপক আমজাদ আলী সাংবাদিকদের বলেন, কী কারণে ওই ছাত্রী নিজের শরীরে আগুন দিয়ে থাকতে পারেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। তবে প্রেমঘটিত কারণে আত্মহত্যার চেষ্টা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।