গায়েহলুদে বরসহ পাঁচজন দগ্ধ

গায়েহলুদের অনুষ্ঠানে বরকে দাহ্যপদার্থ ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এ সময় বরসহ দগ্ধ হয়েছেন পাঁচজন। এর মধ্যে দুজন শিশুও রয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সরকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ ব্যক্তিদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন বর সেলিম সরকার (২৮) ও তাঁর পাঁচ বছরের ভাগনি রাবেয়া আক্তার। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন শাহিনা আক্তার (২২), তোহরা বেগম (১৭) ও চার বছরের শিশু সিয়াম।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পালের ভাষ্য, রাসায়নিক দাহ্যপদার্থে (কেমিক্যাল বার্ন) তাঁরা দগ্ধ হয়েছেন। বর সেলিম সরকারের মুখের একপাশসহ সারা শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। শিশু রাবেয়া আক্তারের মুখসহ শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা গুরুতর। কেমিক্যাল বার্নকে ভয়াবহ হিসেবে মনে করেন তিনি। অগ্নিদগ্ধদের ক্ষতচিহ্ন সারা জীবন বয়ে বেড়াতে হতে পারে বলে তাঁর ভাষ্য।
সখীপুর থানা ও গ্রামবাসীর ভাষ্য, সেলিম সরকারের সঙ্গে একই উপজেলার সখীপুর আনন্দবাজার গ্রামের এক মেয়ের আজ বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা। গতকাল বুধবার সন্ধ্যা থেকে বর সেলিমের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। রাত ১২টার দিকে কয়েকজন বাড়িতে ঢুকে জেনারেটরের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় চারপাশ অন্ধকার হয়ে যায়। দুর্বৃত্তরা বর সেলিমকে লক্ষ্য করে দাহ্যপদার্থ ছুড়ে মারে। এতে পাঁচজন পুড়ে যান। রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা সেলিম সরকারের ভাই ইউনুস সরকার ও ভাগনে আবদুল হকের অভিযোগ, দাহ্যপদার্থ ছুড়েছেন সিফাত নামের এক যুবক। সেলিমের যে মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তাঁকে তিনি পছন্দ করেন। গত বছরের মাঝামাঝি সময় আংটিবদল অনুষ্ঠান হয়। পরে সেলিমের পরিবারকে সিফাত জানান যে ওই কনেকে তিনি পছন্দ করেন। এ সময় সেলিমের পরিবারের পক্ষ থেকে তাঁকে (সিফাত) জানানো হয়, মেয়ে রাজি থাকলে তিনি বিয়ে করতে পারেন। কিন্তু তাঁদের পক্ষে কিছু করা সম্ভব নয়। এর জের ধরেই গতকাল রাতে বরকে লক্ষ্য করে সিফাত দাহ্যপদার্থ ছোড়েন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমির সরকারের ভাষ্য, খবর পেয়ে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। এখনো থানায় অভিযোগ পাওয়া যায়নি। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
