শরীয়তপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সরকারকান্দি গ্রাম। সেখানে এখনো বিদ্যুতের আলো পৌঁছায়নি। তাই বলে সরকারবাড়ির ছোট ছেলে সেলিম সরকারের
গায়েহলুদের অনুষ্ঠানে আলোর কমতি ছিল না। জেনারেটর চলছিল সেই বিকেল থেকেই। রাত ১২টা নাগাদ হঠাৎ জেনারেটরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তারপর শুধু অন্ধকার, হুড়োহুড়ি আর ঝলসে যাওয়া মানুষের আর্তনাদ।
বুধবার দিবাগত রাতে জেনারেটরের সংযোগ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছোড়ে সেলিম সরকারের দিকে। মুহূর্তে ঝলসে যান তিনি, সঙ্গে আরও চারজন। মামা সেলিম সরকারের কোলঘেঁষে বসে ছিল রাবেয়া খাতুন (৮)। দাহ্য পদার্থে ঝলসে গেছে তার গোটা মুখ। ভোর সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন সেলিম সরকার ও রাবেয়া। পুড়ে যাওয়া অপর তিনজন সিয়াম (৪), তোহরা বেগম (১৭) ও শাহিনা আক্তার (২২) প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্তলাল সেন বলেছেন, চিকিৎসাধীন দুজনের কেউই আশঙ্কামুক্ত নয়। দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার দুজনেরই। শিশু রাবেয়ার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছেন, সেলিম সরকারের শরীরের ৩০ শতাংশ ও রাবেয়ার ৬ শতাংশ পুড়ে গেছে।
সেলিম সরকার পেশায় ব্যবসায়ী। সাভারের বাইপাইলে মাছের আড়ত পরিচালনা করেন তিনি। বড় ভাইদের সঙ্গে সাভারেই থাকেন। বাড়িতে গিয়েছিলেন বিয়ে করতে। বিয়ে করা হয়নি, এখন জীবন নিয়েই সংশয় দেখা দিয়েছে।
বার্ন ইউনিটের মেঝেতে জায়গা হয়েছে শিশু রাবেয়ার। গতকাল দুপুরে মায়ের কোলে চুপ করে শুয়ে ছিল সে। মুখটা ঝলসানো। একটা চোখ বন্ধ। ঠোঁটটা ফাঁক হয়ে রয়েছে। যন্ত্রণায় কথা বলতে পারছে না। মা সরলা বেগম বলেন, মেয়েটি তার জন্মের পর থেকেই বঞ্চিত। জন্মের ১৫ দিনের মাথায় বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। চার বছর পর মারা যান। সে থেকেই তিন সন্তান নিয়ে সংগ্রাম করছেন। মামার বিয়ে উপলক্ষে ফুর্তিতে মেতেছিল সে। ভিডিওচিত্র ধারণের সময় মামার কোলের কাছে গিয়ে বসেছিল। জানতেও পারেনি, দুর্বৃত্তরা ওকেও ছাড়বে না।
সেলিম সরকারের ভাগনে আবদুল হক প্রথম আলোকে বলেন, মাস ছয়েক আগে সেলিম সরকারের বিয়ে ঠিক হয়। কনের বাড়ি একই উপজেলার আনন্দবাজার গ্রামে। গতকাল বৃহস্পতিবার বিয়ের কথা ছিল। গায়েহলুদের মূল অনুষ্ঠানের পর বরপক্ষ কনসার্টের আয়োজন করেছিল পাশের একটি বিপণিবিতানে। বিপণিবিতানটির মালিক বরের বড় ভাই। বাড়ির সব পুরুষ সদস্যই ১২টার দিকে কনসার্টে যান। বাড়িতে শুধু বর, নারী ও শিশু সদস্যরা ছিল। হঠাৎ জেনারেটরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে গায়েহলুদের মঞ্চে বসা বরের গায়ে দুর্বৃত্তরা অ্যাসিড ছুড়ে মারে।
অ্যাসিডে ঝলসে যাওয়ার পরপরই আগুনে পোড়া স্বজনদের নিয়ে স্পিডবোটে করে পরিবারের সদস্যরা চাঁদপুরে চলে আসেন। তবে চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
গতকাল সেলিম সরকারের বাড়িতে গিয়ে দেখা যায়, তখনো বিয়েবাড়ির সাজসজ্জা রয়ে গেছে। বিলাপ করছেন সেলিমের মা ফাতেমা বেগম। কে এমনটা করেছে, বুঝে উঠতে পারছেন না। তবে সেলিমের ভাই ইউনুস সরকার বলেন, ‘সেলিমের বিয়ে ঠিক হওয়ার পর একই জেলার ভেদরগঞ্জ উপজেলার চরভাঘা গ্রামের সিফাত নামের এক যুবক এ বিয়ে ভেঙে দেওয়ার জন্য বলেন। কনেকে সিফাত বিয়ে করতে চেয়েছিলেন। বিয়ে ভেঙে দিতে আমরা রাজি হইনি। এ কারণে সে আমাদের ওপর ক্ষুব্ধ ছিল। প্রায়ই সে মুঠোফোনে ভয় দেখাত। সিফাত সন্ত্রাসীদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।’
তবে গতকাল সন্ধ্যায় সিফাত হাসান প্রথম আলোকে বলেন, ‘আমি বরের বড় ভাইয়ের সঙ্গে দেখা করেছি সত্যি। কিন্তু এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমি শিক্ষিত। আমার পারিবারিক অবস্থান ভালো। কনের পরিবারের সম্মতি থাকলে পারিবারিকভাবেই বিয়ে করতাম।’
পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার সিফাত টঙ্গীর জেরিনা কম্পোজিটে চাকরি করেন। গতকালও তিনি কর্মক্ষেত্রে গেছেন বলে জানান।
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, সিফাত নামে একটি ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, এমন অভিযোগ সেলিমের পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।