শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় গত সোমবার রাতে আরও পাঁচ হাজারের বেশি গুলি উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এ নিয়ে দুই দিনে ভারী মেশিনগান ও সাব-মেশিনগানের ৪৮ হাজারের বেশি গুলি উদ্ধার করা হলো। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় নালিতাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করেছে র্যা ব। তবে এ ঘটনায় গতকাল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পাহাড়ের ঢালে বসবাসকারী গারো পরিবারগুলোর মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।
গত সোমবার ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, অস্ত্র ও গোলাবারুদগুলো কার, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম না প্রকাশের শর্তে বলেছেন, অস্ত্র ও গোলাবারুদগুলো সম্ভবত ভারতের বিচ্ছিন্নতাবাদী কোনো গোষ্ঠী লুকিয়ে রেখেছিল।
গত রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি চ্যাংবের টিলায় অভিযান চালিয়ে ভারী মেশিনগান, সাব-মেশিনগান, বিমানবিধ্বংসী অস্ত্র ও সেগুলোর বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র্যা ব। উদ্ধারের ঘটনায় সোমবার রাতেই র্যা বের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মামুনুর রশিদ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করেন।
গতকাল দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে র্যা ব-৫-এর অধিনায়ক মাহাবুব আলম অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। তবে অভিযান শেষ হলেও সেখানে র্যা বের টহল ও নজরদারি আরও কিছুদিন থাকবে বলে তিনি জানান।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, র্যা ব উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ আদালতের মাধ্যমে সেগুলো ঢাকা সেনানিবাসের সেন্ট্রাল অর্ডন্যান্স ডিপো এবং সেন্ট্রাল অ্যামুনেশন ডিপোতে পাঠিয়ে দিয়েছে।
এদিকে বনের ভেতর থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর বন বিভাগের শমশ্চুড়া বিট কর্মকর্তা ইলিছুর রহমান বলেন, ‘আমরা নিয়মিত এ এলাকা পরিদর্শন করি। চ্যাংবের টিলায় এর আগে কখনো এমন গর্ত চোখে পড়েনি। অস্ত্র ও গোলাবারুদ মজুতের কথা চিন্তাও করিনি।’
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, র্যা ব-১৪-এর দুটি গাড়ি এলাকায় সকাল থেকে টহল দিচ্ছে। তবে গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার নিয়ে গারো অধিবাসী ও স্থানীয় অন্যদের মধ্যে আতঙ্ক রয়েছে। তাঁরা বলেন, চ্যাংবের টিলায় কাজ ছাড়া কেউ চলাচল করে না। শুধু রাখালেরা গরু চরাতে যায়। এ ঘটনার পর থেকে কেউ ওই এলাকায় যাচ্ছে না। বাড়ির কাছ থেকে এত গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার হওয়ায় এখানে বসবাসকারী সবাই দুশ্চিন্তায় রয়েছে। ওখানে অবস্থানকালে চ্যাংবের টিলায় কোনো লোকজনকে চলাচল করতে দেখা যায়নি।