গারো তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার
রাজধানীর দক্ষিণখান এলাকায় গারো সম্প্রদায়ের এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজ সোমবার সকালে শফিউল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণীকে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে যুবকের কঠোর শাস্তির দাবিতে আজ রাজধানীর গুলশানের নদ্দা এলাকায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগছাস) নেতা-কর্মীরা।
ওই তরুণীর পরিচিত এক যুবক সাংবাদিকদের বলেন, উত্তরায় একটি প্রতিষ্ঠানে ওই তরুণী কাজ করেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরেন তিনি। তখন প্রতিবেশী যুবক শফিউল্লাহ বাসায় ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। ওই তরুণীর চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে যান। তখন শফিউল্লাহ পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে আজ ভোর চারটার দিকে দক্ষিণখান এলাকার একটি বাড়ি থেকে শফিউল্লাহকে আটক করা হয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদ ও জড়িত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর গুলশানের নদ্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাগছাস। আজ বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁরা সড়ক অবরোধ করেন। এ সময় আশপাশের সড়কে যানজট দেখা দেয়। পুলিশের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিউল্লাহ তরুণীকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন। তিনি স্থানীয় একটি পোশাক তৈরির দোকানের কর্মচারী। এ ঘটনায় মামলার পর আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।