গার্ডার লাইন কেটে নিয়েছে দুর্বৃত্তরা

রাজশাহীর আড়ানীতে বড়াল রেলসেতুর গার্ডার লাইন কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। কিন্তু গতকাল শুক্রবার রাত সোয়া নয়টা পর্যন্ত লাইন ঠিক করা হয়নি। ওই সেতুর ওপর দিয়েই প্রতিদিন চলাচল করছে ১৪ জোড়া ট্রেন।
সেতুর ওপরে দুর্ঘটনা ঘটলে যাতে ট্রেন নিচে পড়ে না যায়, এ জন্য রেললাইনের পাশ দিয়ে সমান্তরালভাবে দুটি লাইন বসানো থাকে। এই লাইনকেই গার্ডার রেললাইন বলা হয়। ট্রেন লাইনচ্যুত হলে এই লাইনে বেঁধে থাকে। নিচে পড়ে না।
স্থানীয় কয়েকজন বলেন, গত বুধবার রাতে রাজশাহীর আড়ানীতে বড়াল নদের ওপরে নির্মিত রেলসেতুর গার্ডার লাইনের তিন ফুট নয় ইঞ্চি কেটে নেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী পরিমল কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিমল কুমার বিশ্বাস গতকাল শুক্রবার সন্ধ্যায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তিনি প্রতিবেদন দিয়েছেন। এর ভিত্তিতে ঈশ্বরদী জিআরপি থানায় বৃহস্পতিবার চুরির মামলা হয়েছে। বিষয়টির তদন্ত হবে। তারপর মেরামত করা হবে।
রেলের আড়ানী স্টেশনমাস্টার সদরুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ঢাকাসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে আন্তনগর, লোকাল ও মেইলসহ প্রতিদিন মোট ১৪ জোড়া ট্রেন এই লাইন দিয়ে চলাচল করে। গার্ডার লাইন কেটে নেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।
ওয়েম্যান মকছেদ আলী বলেন, দুর্বৃত্তরা বুধবার রাতের কোনো একসময় লোহা কাটার ব্লেড দিয়ে ২৫ ফুট দীর্ঘ গার্ডার রেললাইনের মাঝ থেকে তিন ফুট নয় ইঞ্চি কেটে নিয়ে গেছে। ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী নির্বাহী প্রকৌশলী এ কে এম মহিউদ্দীন গতকাল রাত নয়টার দিকে বলেন, ‘আমরা সেখানে গার্ডার লাইন ঠিক করে ফেলেছি।’
কিন্তু রাত সাড়ে নয়টার দিকে আড়ানী রেলসেতু এলাকায় গিয়ে গার্ডার লাইন কাটাই দেখা যায়।