গাড়ি ছিনতাই করতে চালককে হত্যা, গ্রেপ্তার ২
গাড়িটির মালিক আশরাফ হোসেন ভেবেছিলেন, চালকই গাড়ি নিয়ে পালিয়েছেন। চালককে আসামি করে গাড়ি চুরির অভিযোগে তিনি রাজধানীর রূপনগর থানায় মামলাও করেছিলেন। কিন্তু গতকাল বুধবার ফরিদপুর থেকে পুলিশ দুই গাড়িচোরকে ধরার পর জানা গেল, তারা চালককে মানিকগঞ্জে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে দেয়।
ফরিদপুর থেকে ওয়াসিম খান ও শেখ মিরাজ নামের দুজনকে গ্রেপ্তারের পর চুরি যাওয়া এক্স করোলা গাড়িটি যশোর থেকে উদ্ধার করে রূপনগর থানা-পুলিশের একটি দল। গাড়ি পাওয়ার পর জানা যায়, এই দুজন গাড়িচালক মনির হোসেনকে হত্যা করে মানিকগঞ্জ এলাকায় সড়কের পাশে ফেলে দিয়েছে।
পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামাল হোসেন বলেন, আশরাফের গাড়িটি ভাড়ায় চালাতেন মনির হোসেন। মামলা হওয়ার পর মনিরকে সন্দেহ করেই তদন্ত চলছিল। ওয়াসিম ও মিরাজ গ্রেপ্তার হওয়ার পর জানা যায়, মনিরকে খুন করা হয়েছে।
কামাল হোসেন বলেন, ওয়াসিম ও মিরাজ চালক মনিরের পূর্বপরিচিত। গত ৮ অক্টোবর তারা কোনোভাবে গাড়িতে বসে কথাবার্তা বলার একপর্যায়ে গাড়ির ভেতরেই মনিরের গলায় গামছা দিয়ে ফাঁস টেনে হত্যা করে। এরপর গাড়ি নিয়ে ফরিদপুরের দিকে যাওয়ার সময় মানিকগঞ্জ এলাকায় রাস্তার পাশে লাশ ফেলে দেওয়া হয়।