গাড়ি থেকে ব্যাংকের টাকার বস্তা উধাও!
চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি থেকে পূবালী ব্যাংকের সাড়ে ৫০ লাখ টাকা উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্যাংকের এক কর্মকর্তা ব্যাংকটির পাঁচ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রাত ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিখিত অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করার প্রক্রিয়া চলছিল।
পূবালী ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে ব্যাংকের চট্টগ্রাম সিডিএ করপোরেট শাখার কনিষ্ঠ কর্মকর্তা (জুনিয়র অফিসার-ক্যাশ) রাজিবুর রহমান ব্যাংকের শেখ মুজিব রোড শাখা থেকে টাকা নিয়ে নোয়াহ গাড়িযোগে সীতাকুণ্ড শাখার দিকে রওনা দেন। টাকাগুলো বস্তায় ভরানো ছিল। গাড়িতে চালক ছাড়াও তিনজন অস্ত্রধারী নিরাপত্তাকর্মীও ছিলেন। পরে দুপুরের দিকে রাজিবুর সিডিএ করপোরেট শাখা কার্যালয়ে ফোন করে জানান, তাঁরা ব্যাংকের সীতাকুণ্ড শাখা থেকে দুটি বস্তায় মোট ৮১ লাখ নিয়ে চট্টগ্রাম সিডিএ করপোরেট শাখার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তাঁরা দেখেন, গাড়ির পেছনের অংশ খোলা। পরে তদারক করতে গিয়ে দেখেন, সেখানে সাড়ে ৫০ লাখ টাকার বস্তাটি নেই।
রাজিবুরের কাছ থেকে এ তথ্য জানার পর ব্যাংকের চট্টগ্রাম সিডিএ শাখা ও সীতাকুণ্ড শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা সীতাকুণ্ড থানায় যান।
সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক আবদুস সবুর মিয়া প্রথম আলোকে বলেন, মূলত ওই গাড়িতে করে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে প্রয়োজন অনুসারে টাকা সংগ্রহ ও বিতরণ করা হয়। এর দায়িত্বে ছিলেন রাজিবুর। আর অস্ত্রধারী নিরাপত্তাকর্মী হিসেবে ছিলেন আশিকুর রহমান, তানজুর রহমান ও মাজহারুল ইসলাম। গাড়িচালক ছিলেন বিজয় কুমার দাশ। আবদুস সবুর মিয়া বলেন, তাঁরা প্রাথমিকভাবে এ পাঁচজনকে সন্দেহ করছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, ওই পাঁচজনের বিরুদ্ধে চট্টগ্রাম সিডিএ করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক তৌফিকুর রহমান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পাঁচজনকে থানা-হাজতে রাখা হয়েছে। মামলা হওয়ার পর তাঁদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।