গাড়ি ধরতে গিয়ে মিলল মদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদের স্টিকার লাগানো রেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়িটি ব্যবহার করছিলেন ‘ঢাকা রিজেন্সি’ হোটেলের একজন পরিচালক। প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের এই গাড়িটি জব্দ করতে গেলে তা আগেই সরিয়ে নেওয়া হয়। তবে হোটেলের ভেতর থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার। 

গতকাল বৃহস্পতিবার রাতে র‍্যাব-১ এর সাহায্য অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, রেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় এ দেশে বেশ কয়েক বছর আগে আনা হয়। গাড়িটির ওপর সাংসদের স্টিকার যুক্ত ছিল। এ অবস্থায় আরিফ মোতাহার নামে রিজেন্সি হোটেলের এক পরিচালক গাড়িটি ব্যবহার করছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযানের বিষয়টি টের পেয়ে এটি সরিয়ে ফেলা হয়। তবে হোটেলের ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে।
ফুটেজে দেখা গেছে, গাড়িটিতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হচ্ছিল। পরে হোটেলের বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। এর মধ্যে কেবল দু শ বোতল মদ রয়েছে, বিয়ারের সংখ্যা এর চাইতেও বেশি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, গত ২৩ এপ্রিল রাতেও গাড়িটি আটক করতে অভিযান চালানো হয়। সেদিনও গাড়ি কৌশলে হোটেল থেকে সরিয়ে ফেলা হয়। তবে গাড়িটি আটকের চেষ্টা চলছে। এরপর প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে এসব মদ ও বিয়ার জব্দ করা হয়। হোটেল কর্তৃপক্ষ এসব মদ ও বিয়ারের চালানের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে রিজেন্সি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।