গাড়ি ভাঙচুরের কৌশল কাজে লাগিয়ে সিলেটে আবার ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ছিনতাই হওয়ার পর উদ্ধার করা ৭০ লাখ টাকা l প্রথম আলো
সিলেটে ছিনতাই হওয়ার পর উদ্ধার করা ৭০ লাখ টাকা l প্রথম আলো

গাড়ি ভাঙচুর করার কৌশল খাটিয়ে আবারও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সিলেট নগরে ৭০ লাখ টাকা ছিনতাই হয়েছে। দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশায় করে ছিনতাইকারীরা আসে। তারা ইউনিলিভার সিলেট ডিপোর হিসাবরক্ষকের গাড়ি ভাঙচুর করে এবং টাকা ছিনিয়ে নেয়।
দুপুর পৌনে একটার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর ছয় ঘণ্টার মাথায় নগরের উত্তর বালুচর এলাকার একটি বাসা থেকে বস্তায় মোড়ানো অবস্থায় ৭০ লাখ টাকাসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটটকৃতেরা হলেন আইনুল হক (২৪) ও কাওসার আহমদ (২৫)।
২০১৩ সালের জানুয়ারিতে বিরোধী রাজনৈতিক কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুর করার ওই কৌশল কাজে লাগিয়ে নগরে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পুলিশ টানা তিনটি ছিনতাইয়ের ঘটনা পর্যবেক্ষণ করে এ ব্যাপারে নজরদারি বাড়ায়। প্রায় দুই বছর পর গতকাল একই কায়দায় আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটল।
পুলিশ জানায়, নগরের আম্বরখানার বড়বাজারে ইউনিলিভারের সিলেট ডিপো অফিস থেকে দুজন হিসাবরক্ষক অফিসের প্রাইভেট কারে করে নগদ ৭০ লাখ টাকা নিয়ে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন। তাঁরা উত্তর কাজিটুলার কাহের মিয়ার গলি নামক স্থানে আসার পর দুটি মোটরসাইকেলও সিএনজিচালিত একটি অটোরিকশায় করে একদল ছিনতাইকারী গাড়িটির গতিরোধ করে। তারা গাড়ি ভাঙচুর করে ৭০ লাখ টাকা রাখা চারটি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। ডিপো অফিসের ব্যবস্থাপক তারেক আহমদ জানান, গাড়ি থামিয়ে অতর্কিতভাবে গাড়ি ভাঙচুরের মধ্যে কোনো কিছু বোঝার আগেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। টাকার ব্যাগগুলো অটোরিকশায় তুলে নিয়ে যায় ছিনতাইকারীরা।
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে গাড়িতে থাকা দুজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়া গাড়িচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কাজিটুলা এলাকায় গেলে স্থানীয় এক নারীসহ তিনজন জানান, ছিনতাইকারীদের অন্তত এক ঘণ্টা আগে থেকেই গলিপথের মুখে অবস্থান করতে দেখেছেন অনেকেই। হঠাৎ গাড়ি ভাঙচুর শুরু হওয়ায় প্রত্যক্ষদর্শী অনেকেই রাজনৈতিক কোনো বিবাদ ভেবে এড়িয়ে যাচ্ছিলেন। পরে জানা যায় ঘটনাটি ছিনতাই।