গাড়ি ভাঙচুরের মামলায় আ.লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গাড়ি ভাঙচুরের মামলায় কুমিল্লা সিটি নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর পদপ্রার্থী ঘুড়ি প্রতীকের জিল্লুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বলা সোয়া দুইটার দিকে তাঁকে সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের সামনের ফটক থেকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার রাতে একই ওয়ার্ডে বিএনপি-সমর্থিত সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী খলিলুর রহমান মজুমদারের বাড়িতে গিয়ে গাড়ি ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। কাল বৃহস্পতিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
পুলিশ জানায়, সোমবার রাত ১১টায় আওয়ামী লীগের বিদ্রোহী সাধারণ কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান চৌধুরী নগরের চৌয়ারা এলাকায় গিয়ে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. খলিলুর রহমান মজুমদারের বাড়িতে হামলা চালান। এ সময় খলিলের ভাতিজা আবুল কালামের গাড়ি ভাঙচুর করা হয় ও কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে গতকাল সকালে সদর দক্ষিণ মডেল থানায় জিল্লুরের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে তাঁকে কুমিল্লার আমলি আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। খলিলুর রহমান মজুমদার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সমর্থক। ঘটনার সময় ওই কাউন্সিলর প্রার্থী বাড়িতে ছিলেন না। তাঁকে না পেয়ে গাড়ি ভাঙচুর ও ফাঁকা গুলি করে আতঙ্কের সৃষ্টি করা হয়।

এদিকে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মজুমদারের সমর্থকদের গুলিতে গতকাল ভোরে চৌয়ারায় আবু সাইয়িদ অনীক চৌধুরী (১৭) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়। সে ওই এলাকার মিঠু চৌধুরীর ছেলে। আহত অনীককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনীকের স্বজনেরা দাবি করেন, খলিলুর রহমান মজুমদারের লোকজন মোটরসাইকেলে এসে চৌয়ারা এলাকায় বাড়ির সামনে দুটি গুলি করে। এতে অনীকের পায়ে গুলি লাগে। পরে তাঁরা দ্রুত ওই এলাকা ত্যাগ করেন।

এ প্রসঙ্গে খলিলুর রহমান মজুমদার বলেন, ‘অনীক গ্রেপ্তার হওয়া কাউন্সিলর প্রার্থী জিল্লুরের সহযোগী। তাদের ভয়ে আমি নিজেই এলাকাছাড়া। শহর থেকে গিয়ে এলাকায় গণসংযোগ করি। ঘটনার সময় আমি কুমিল্লা শহরের বাসায় ছিলাম। আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ আনা হচ্ছে। আগের রাতের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এ ধরনের অপপ্রচার করা হচ্ছে। আমার সঙ্গে কারও বিরোধ নেই। বিরোধ থাকলে অন্য দলের কাউন্সিলরদের মধ্যে থাকতে পারে।’

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার হয়েছেন। অন্য অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।